ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণা চলাকালীন বন্দুকধারী হামলায় ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায় একটি গুলি। রক্তাক্ত অবস্থায় মঞ্চ ছাড়েন ট্রাম্প। আক্রমণকারীকে ঘটনাস্থলেই হত্য়া করেন নিরাপত্তারক্ষীরা। হামলার ঘটনার কারণ খুঁজতে ট্রাম্পের সঙ্গে কথা বলবে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই।
আজ মঙ্গলবার একটি প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে এফবিআই এজেন্ট কেভিন রোজেকের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যে কোন ঘটনা ঘটলেই আক্রান্তের সঙ্গে কথা বলা হয়। এক্ষেত্রেও সে কাজই করা হবে। ঘটনার পর পরই এফবিআই ট্রাম্পের সঙ্গে কথা বলতে চাইলেও এতদিন পর তিনি কথা বলতে রাজি হয়েছেন। পুরো ঘটনা নিয়ে তার কী মনে হয়েছে, তিনি সেদিন ঠিক কী কী দেখেছিলেন, এসব তথ্য় জানতে চাইবে এফবিআই।
সংস্থাটি জানায়, হামলাকারী ট্রাম্পের ওপর কেন গুলি ছুঁড়েছিলেন তা এখনো স্পষ্ট নয়। বস্তুত, ঘটনার পর আঙুল উঠেছে সিক্রেট সার্ভিসের কর্মীদের দিকে। কেন তারা আগে থেকে পরিস্থিতি বুঝতে পারেননি, এই প্রশ্ন উঠেছে। কিন্তু সিক্রেট সার্ভিসের প্রধান স্বয়ং জানিয়েছেন, যে ব্য়ক্তি গুলি চালিয়েছে তিনি যে গুলি চালাতে পারেন, এমনটা তারা ভাবেননি। তার প্রোফাইল দেখেও কোন থ্রেট পারসেপশন বোঝা যায়নি।
এদিকে একটি টেলিভিশন চ্য়ানেলকে ট্রাম্প জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার এফবিআই তার সঙ্গে কথা বলবে। গত ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় রিপাবলিকানদের সভায় বক্তৃতার সময় ট্রাম্পের ওপর ওই বন্দুকধারীর হামলার ঘটনার পর পুরো ঘটনার তদন্তে নেমেছে এফবিআই।

নিজস্ব প্রতিবেদক 




























