ডেস্ক রিপোর্ট : শীর্ষ আয়ের ‘অ্যাভাটার’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ম্যাট ডেমন। এর সঙ্গে হারান নিশ্চিত ২৫ কোটি ডলার আয়ের সুযোগ।
শুক্রবার (২১ জুলাই) সিএনএনের ‘হু ইজ টকিং টু ক্রিস ওয়ালেস’-এর সাম্প্রতিক পর্বে উপস্থিত হয়ে এ তথ্য জানান হলিউড তারকা।
সঞ্চালকের প্রশ্নের জবাবে বলেন, ২০০৯ সালে তাকে ‘অ্যাভাটার’ সিনেমার প্রধান ভূমিকায় চেয়েছিলেন জেমস ক্যামেরন। সঙ্গে ছিল লভ্যাংশ ভাগাভাগির লোভনীয় প্রস্তাব।
পারিশ্রমিকের এই অঙ্ক ২৫ কোটি ডলারে গিয়ে দাঁড়াতে পারত। ম্যাট ডেমন মজা করে বলেন, নিশ্চিতভাবে কোনো অভিনেতার প্রত্যাখান করা সবচেয়ে বেশি অর্থ এটি।
২০০২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ‘বর্ন’ সিরিজ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। তুমুল জনপ্রিয় এই স্পাই ফ্র্যাঞ্চাইজি ছেড়ে ‘অ্যাভাটার’-এর জন্য গায়ে রং মাখতে প্রস্তুত ছিলেন না ডেমন।
‘অ্যাভাটার’-এর প্রধান ভূমিকায় অভিনয় করেন স্যাম ওয়ার্থিংটন। আরো ছিলেন জো সালডানা, সিগর্নি ওয়েভার, জোয়েল ডেভিড মুর ও মিশেল রদ্রিগেজ। সর্বকালের শীর্ষ আয়ের এ ছবির আয় ৩০০ কোটি ডলারের মতো।
সিরিজের দীর্ঘ প্রতীক্ষিত সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব দ্য ওয়াটার’ গত বছর মুক্তি পেয়ে ২৩০ কোটি ডলার আয় করে। যা এখন শীর্ষ আয়ের তৃতীয় সিনেমা। এ সিরিজের আরো কয়েকটি ছবি রয়েছে মুক্তির মিছিলে।
তবে প্যানডোরা গ্রহের অধিবাসী হতে না পারায় ম্যাট ডেমনের তেমন কোনো আক্ষেপ নেই। বরং সিরিজটিতে যুক্ত না হয়ে ঠিক কাজই করেছেন। ‘বর্ন’ সিরিজ ছাড়াও তার অভিনীত অন্য সিনেমাগুলো নায়ককে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিপরীতে ‘অ্যাভাটার’-এর পরিচিতি মূলত পরিচালকের নামেই।
ম্যাট ডেমন অভিনীত সর্বশেষ সিনেমা ‘ওপেনহাইমার’ মুক্তি পেয়েছে গতকাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে সিনেমাটি বানিয়েছেন ক্রিস্টোফার নোলান।
অবশ্য ম্যাট ডেমনের দাবি করা ‘সবচেয়ে বেশি আয় ফিরিয়ে’ দেয়ার বিষয়টি বিতর্কমুক্ত নয়। পিটার জ্যাকসনের ‘লর্ড অব দ্য রিংস’ ট্রিলজির উইজার্ড গ্যান্ডালফের চরিত্রটি প্রত্যাখ্যান করেছিলেন কিংবদন্তি অভিনেতা শন কনারি। প্রতি কিস্তিতে তিন কোটি ডলার ও ১৫ শতাংশ লভ্যাংশের প্রস্তাবে সাবেক জেমস বন্ড তারকার মন গলেনি। ওই চরিত্রটি করলে তার অ্যাকাউন্টে ৪৫ কোটি ডলার যোগ হতো।

নিজস্ব প্রতিবেদক 



























