প্রেস বিজ্ঞপ্তি: কুলাউড়া ও মৌলভীবাজার জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১১ মার্চ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও মৌলভীবাজার জেলা প্রশাসনের যৌথ অভিযানে কুলাউড়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ অভিযানে ডাইনিং ডিলাইটসহ কয়েকটি প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়।
ডাইনিং ডিলাইটে ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। আমরা আইন ও প্রশাসনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। তাই কোনো ধরনের সুপারিশ ছাড়াই নির্ধারিত জরিমানা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেছি এবং বিষয়টি স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়েছি। অভিযানে যে সকল ত্রুটি বা অভিযোগ উত্থাপিত হয়েছে, সেগুলো সংশোধনের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আমাদের প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।
এ প্রেক্ষিতে ডাইনিং ডিলাইটের চেয়ারম্যান ফজলে আবিদ খান একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। উক্ত ভিডিও বার্তায় তিনি নির্দিষ্টভাবে কিছু অনলাইন প্ল্যাটফর্ম—সময় কুলাউড়া ও এখন কুলাউড়া—এর সংবাদ প্রকাশ নিয়ে সমালোচনা করেন। তবে সেখানে কুলাউড়া বা মৌলভীবাজারের সকল সাংবাদিককে উদ্দেশ্য করে কোনো মন্তব্য করা হয়নি। তাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখে প্রকৃত বক্তব্য অনুধাবনের জন্য বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
দুঃখের বিষয়, বর্তমানে কিছু নামধারী ফেসবুক পেইজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত ও বিভ্রান্তিকর শিরোনামে সংবাদ প্রকাশ করে একটি উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃতপক্ষে সকল সাংবাদিককে উদ্দেশ্য করে কোনো ধরনের অবমাননাকর বা অশোভন মন্তব্য করা হয়নি; বরং নির্দিষ্টভাবে কিছু প্ল্যাটফর্মের সংবাদ পরিবেশনের সমালোচনা করা হয়েছে।
মিথ্যা ও বিভ্রান্তিকর শিরোনামে সংবাদ প্রকাশের কারণে ডাইনিং ডিলাইটের চেয়ারম্যান প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
সকলকে অনুরোধ করা যাচ্ছে, যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সত্য তথ্য প্রকাশ করবেন।
ধন্যবাদান্তে,
ডাইনিং ডিলাইট কর্তৃপক্ষ
কুলাউড়া, মৌলভীবাজার

নিজস্ব প্রতিবেদক 






















