বড়লেখা প্রতিনিধি: বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুহনীর মদিনা ভেরাইটিজ স্টোরে শুক্রবার দিন-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানের স্বত্তাধিকারি আব্দুল আজিজ দোকান বন্ধ করে জুম্মার নামাজে গিয়েছিলেন। এই ফাঁকে চোরোর দোকানের সাটার খুলে নগদ টাকা, মোবাইল ফোন-সহ প্রায় সাড়ে তিনলাখ টাকার মালামাল চুরি করে নিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
জানা গেছে, ব্যবসায়ি ও সমাজকর্মী আব্দুল আজিজ শুক্রবার দুপুর একটার দিকে দোকানের সাটার বন্ধ করে জুম্মার নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন। নামাজ শেষে দেড়টার দিকে দোকানে ফিরে দেখেন সাটার খোলা, ক্যাশ বাক্স ভাঙ্গা। তল্লাশি করে দেখেন ক্যাশবাক্সে রেখে যাওয়া ৬৫ হাজার টাকা, একটি স্মার্ট ফোন, ৬টি বাটন ফোন-সহ প্রায় দেড়লাখ টাকার মালামাল নেই।
ব্যবসায়ি আব্দুল আজিজ জানান, স্টেশনারি ব্যবসার সাথে তিনি মোবাইল ফোনে রিচার্জেরও ব্যবসা করেন। প্রতিদিন নামাজের সময় সাটার বন্ধ করে তিনি নামাজে যান। অতীতে কোনো দিন এধরণের ঘটনা ঘটেনি। জুম্মার নামাজ শেষ করে দোকানে গিয়ে দেখেন সাটার খোলা ও ক্যাশ বাক্স ভাঙ্গা। নগদ টাকা ও বিভিন্ন অপারেটরের রিচার্জের ৭টি ফোনসেট নেই। এব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
ওসি মো. মুনরুজ্জামান খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসি ফোটেজ সংগ্রহের মাধ্যমে চোর সনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক 






















