সৈয়দ ছায়েদ আহমেদ : মহান স্বাধীনতা দিবসের চেতনাকে ধারণ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘স্বাধীনতা উৎসব বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে।
শনিবার (২৮ মার্চ) রাতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে এ উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
এর আগে শুক্রবার (২৭ মার্চ) বিকেলে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনার প্রাঙ্গণে সম্মিলিত সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত উৎসবটির ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
এছাড়া উপস্থিত ছিলেন সিলেট এমসি কলেজের সাবেক অধ্যাপক সায়্যিদ মুজিবুর রহমান, শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী, সঙ্গীতজ্ঞ বুলবুল আনাম, ডা. বিনেন্দু ভৌমিক, প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সুদর্শন শীল, জলি পালসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
দুই দিনব্যাপী এই উৎসবে শ্রীমঙ্গল উপজেলার মোট ১৮টি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। প্রথম দিনে ৯টি এবং দ্বিতীয় দিনে বাকি ৯টি সংগঠন নাটক, সংগীত ও নৃত্যের পরিবেশনা উপস্থাপন করে, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক প্রসেনজিৎ রায় বিষু ও মুখপাত্র দেলোয়ার হোসেন জানান, শ্রীমঙ্গলের সকল সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। তারা আয়োজন সফল করতে সহযোগিতাকারী সকল ব্যক্তি, প্রতিষ্ঠান, উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল পৌরসভাসহ উপস্থিত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিজস্ব প্রতিবেদক 





















