নিজস্ব প্রতিবেদক: সিলেটের কানাইঘাটে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে এক নারীকে মারধর এবং একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত সোমবার (৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার দুর্গাপুর আগফৌদ গ্রামে মোঃ আল সাফওয়ান (৩১)-এর বাড়িতে এ ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জের ধরে যুবদল নেতা মামুন, আলমগীর, ছাত্রদল নেতা শাহনুর ও সারওয়ারের নেতৃত্বে ১০–১৫ জনের একটি দল সঙ্গবদ্ধভাবে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার সময় মোঃ আল সাফওয়ান বাড়িতে উপস্থিত ছিলেন না। তাকে না পেয়ে হামলাকারীরা তার তিন বছর বয়সী মেয়ে আল উনাইছার ওপর হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ রয়েছে। শিশুটিকে রক্ষা করতে এগিয়ে গেলে তার মা ফারজানা আক্তার জেবিন (৩১) আহত হন। হামলায় তিনি রক্তাক্ত জখম হন বলে জানা গেছে।
পরবর্তীতে হামলাকারীরা চতুলবাজারে অবস্থিত মোঃ আল সাফওয়ানের বড় ভাইয়ের মালিকানাধীন আল-ইমরান স্টোরে হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুটপাট করে বলে অভিযোগ করা হয়েছে।
আহত জেবিনকে প্রথমে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করা হলে পথে বাধা দেওয়া হয় বলে দাবি করা হয়। পরে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয় এবং সোমবার দিবাগত রাত ৪টার দিকে সেখানে ভর্তি করা হয়।
ফারজানা আক্তার জেবিন অভিযোগ করে বলেন, তার স্বামী আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কারণেই প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছে। তিনি আরও জানান, তার মেয়েকে লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয় এবং তাকে রক্ষা করতে গেলে তিনি মারধরের শিকার হন। একই সঙ্গে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
এ ঘটনায় তিনি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ফারজানা আক্তার জেবিন মৌলভীবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ বিষয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নিজস্ব প্রতিবেদক 























