বিনোদন ডেস্ক
বিচ্ছেদের মামলা প্রত্যাহার করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের স্ত্রী সঙ্গীতা। এরপরও কি সত্যিই দূরত্ব কমেছে তাদের? একটি অনুষ্ঠানে দু’জনের উপস্থিতি ঘিরে সেই আলোচনা আবারো শুরু হয়েছে।
সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের বিয়ের রিসেপশনে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন বিজয় এবং তার স্ত্রী সঙ্গীতা। কিন্তু একই অনুষ্ঠানে হাজির থাকলেও একসঙ্গে দেখা যায়নি তাদের।
দু’জনেই আলাদা সময়ে অনুষ্ঠানে পৌঁছান।
জানা গেছে, সঙ্গীতা সন্ধ্যার দিকে আগেই অনুষ্ঠানে পৌঁছে যান।
অন্যদিকে, অন্য একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে সেখানে পৌঁছান বিজয়। নবদম্পতির সঙ্গে আলাদা করে দেখা করেন দু’জনেই।
সঙ্গীতাকে কাব্য মারানের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলতে দেখা যায়। কিন্তু কোনও ছবিতে বা প্রকাশ্যে একসঙ্গে দেখা যায়নি বিজয়-সঙ্গীতাকে।
বিজয়-সঙ্গীতার আলাদা উপস্থিতি তাই নতুন করে কৌতূহল তৈরি করেছে। মামলা প্রত্যাহারের পর তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে নানা জল্পনা তৈরি হলেও, দু’জনের কেউই প্রকাশ্যে সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু জানাননি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে চেঙ্গলপট্টু পারিবারিক আদালতে বিজয়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। সেই আবেদন ঘিরে ভারতের দক্ষিণী বিনোদন জগতে আলোচনার কমতি ছিল না। তবে চলতি বছরের আগস্টে সেই মামলা প্রত্যাহার করে নেন তিনি।
আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির হয়ে সঙ্গীতা জানিয়েছিলেন, তিনি আর বিচ্ছেদের মামলা এগিয়ে নিয়ে যেতে চান না। ভবিষ্যতে প্রয়োজন হলে নতুন করে মামলা করার অধিকারও তাকে দিয়েছিল আদালত। তবে মামলা প্রত্যাহারের কারণ সম্পর্কে কোনও ব্যাখ্যা আদালতের পক্ষ থেকে দেওয়া হয়নি।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় ও সঙ্গীতা। ২০০০ সালের ২৬ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান। পরে ২০০৫ সালে তাদের ঘরে আসে এক কন্যাসন্তান।

নিজস্ব প্রতিবেদক 





















