ডেস্ক রিপোর্ট:রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির অপেক্ষায় থেকে শেষ পর্যন্ত এক বছরের জন্য অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দায়িত্ব তুলে দেয়া হয়েছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের ৪৯ বছর বয়সী কোচ ফার্নান্দো দিনিজের হাতে।
মঙ্গলবার (৪ জুলাই) ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে আগামী এক বছরের জন্য চুক্তিবদ্ধ হতে রাজী হয়েছে দিনিজ। খবর ইএসপিএন
দিনিজের কোচিংয়ে ব্রাজিল চলতি বছরে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচগুলোতে অংশ নেবে। এদিকে দায়িত্ব পেয়ে দিনিজ বলেন, জাতীয় দলকে সেবা দিতে পারা যে কারো জন্যই একটি স্বপ্ন, একটি সম্মান এবং একটি বিশাল গর্বের। আসলে এটি একটি কল আপ, ফ্লুমিনেন্সের সাথে সিবিএফ এর একটি যৌথ কাজ। আমি খুব নিশ্চিত যে আমরা এটিকে এগিয়ে নিয়ে যেতে এবং এটিকে কার্যকর করতে পারি।
সাম্প্রতিক মাসগুলোতে ব্রাজিলের প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও, আনচেলত্তি তার চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার তার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন।
২০২২ সালের ডিসেম্বরে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ার পর টিটের পদত্যাগের পর থেকে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল পূর্ণকালীন কোচ ছাড়াই রয়েছে। ব্রাজিলের অনূর্ধ্ব-২০ কোচ র্যামন মেনেজেসই এখন পর্যন্ত জাতীয় দলের ডাগআউট সামলাচ্ছেন।
দিনিজ ২০২২ সালের এপ্রিল থেকে ফ্লুমিনেন্সের দায়িত্বে রয়েছেন। তিনি ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন। আগামী ৪ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিল জাতীয় দলের কোচিং অধ্যায়।
সেলেসাওরা চলতি বছরের সেপ্টেম্বর এবং নভেম্বরের মধ্যে আরও পাঁচটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে, তারপরে ২০২৪ সালে সেপ্টেম্বর পর্যন্ত বিরতি থাকবে। ২০২৪ সালের মার্চে স্পেনের সঙ্গে একটি প্রীতি খেলার কথা রয়েছে ব্রাজিলের।
এদিকে ট্রান্সফার বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক টুইটের মাধ্যমে জানিয়েছে, কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের পূর্ণকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ব্রাজিল। তবে তিনি দায়িত্ব বুঝে নেবেন ২০২৪ সালে। তার প্রথম অ্যাসাইনমেন্ট হবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকা।

নিজস্ব প্রতিবেদক 



























