আন্তর্জাতিক ডেস্ক : ইরানে ইসরায়েলি-মার্কিন যৌথ হামলায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার সাহায্য করছেন না বলে হতাশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাজ্যের সঙ্গে তাদের সম্পর্ক আর আগের মতো নেই।
সংবাদমাধ্যম দ্য সানের সঙ্গে টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই কথা বলেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল।
এই হামলা চালানোর ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে থাকা সামরিক ঘাঁটি ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হামলায় যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছে ফ্রান্স, জার্মানির মতো দেশগুলো।
কিন্তু সোমবার (২ মার্চ) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার পার্লামেন্টে জানান, যুক্তরাজ্য ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের’ সঙ্গে হামলায় অংশ নেবে না। তবে ‘ইরান যেন অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বেসামরিক মানুষকে হত্যা করতে না পারে’ সে লক্ষ্যে তিনি ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দেবেন বলে জানান।
সেদিকে ইঙ্গিত করে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী (স্টারমার) সাহায্য করেছেন না। আমি কখনো ভাবিনি যে আমি এমনটা দেখবো। আমি কখনো ভাবিনি যে আমি যুক্তরাজ্য থেকে এটা দেখতে পাব।
এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, এটা খুবই দুঃখজনক যে সম্পর্কটি স্পষ্টতই আগের মতো নেই।
তবে ফ্রান্সের বিষয়ে ট্রাম্প বলেন, ‘ফ্রান্স দুর্দান্ত। তারা সবাই দুর্দান্ত। যুক্তরাজ্য অন্যদের থেকে অনেক আলাদা।

নিজস্ব প্রতিবেদক 






















