চৌধুরী ভাস্কর হোম, মৌলভীবাজার:
দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতির প্রভাবে হিমসিম খাওয়া মানুষের কাছে টিসিবি পণ্যের উপর আগ্রহ দিন দিন বেড়েই চলছে। আগে স্বল্প আয়ের মানুষ টিসিবির পণ্য কিনলেও এখন সরকারি, বেসরকারি চাকুরীজীবি, ব্যবসায়ী সবাই এখান থেকে পণ্য কিনছে।
তেল পেঁয়াজ থেকে শুরু করে চিনি, ডাল স্বল্প মূল্যে কিনতে টিসিবির পণ্য তাদের স্বস্তি দিচ্ছে। তার জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে টিসিবির ট্রাকে পণ্য কিনতে ভোগান্তি জেনেও স্পটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন এসব মানুষ।
সরেজমিনে গতকাল দুপুরে শ্রীমঙ্গলের নির্ধারিত স্থান ঘুরে দেখা যায়, প্রচন্ড বৃষ্টির মাঝেও জটলা পাকিয়ে বিভিন্ন বয়সের নারী পুরুষ নির্ধারিত জায়গায় টিসিবির পণ্য কেনার জন্য লাইনে দাড়িয়েছেন। আগে থেকে না জানলেও ঝটলা দেখে অনেকে জিজ্ঞেস করে টিসিবির ট্রাক শুনেই দাঁড়িয়ে যাচ্ছেন। ট্রাকে চাহিদার চেয়ে পণ্য কম থাকায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেককে খালি হাতে ফিরে যেতে দেখা যায়।
শ্রীমঙ্গল উপজেলা প্রাণীসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে টিসিবির ট্রাক থেকে পণ্য কেনার আশায় লাইনে দাঁড়ানো ব্যবসায়ী জীবন দত্ত বলেন ,বাজারে এখন সব কিছুর দাম বেশি। তেল পিঁয়াজ এগুলোর দাম দিন দিন বাড়ছে। বাইরে দোকানে কিনলে একই পণ্য প্রায় ১৫০ থেকে ২০০ টাকার মত বেশি লাগে। এখান থেকে ক্রয় করলে বাড়তি টাকা দিয়ে পরিবারে সাশ্রয় হয়।
লাইনে এসে পণ্য কিনতে পেরে আনন্দ প্রকাশ করে জামিল নামে এক যুবক বলেন, বাধ্য হয়েই টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে হচ্ছে। বাজারে দরে আগুন। মানুষ আসবেই। চাহিদা বাড়বেই। কিন্তু ডিলাররা চাহিদা অনুযায়ী পণ্য দিতে পারছেন না। আমরা যারা হঠাৎ দেখি পকেটে টাকা আছে দামেও কম কিনে ফেলি।
শ্রীমঙ্গলস্থ টিসিবির ডিলার মেসার্স মুন্নি ভ্যারাইটিজ স্টোর এর সত্বাধিকারী জান্নাতুল ফেরদৌস জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ বিক্রি করেছি। আজ প্রায় ২৫০ জন মানুষের হাতে আমরা এই পণ্য সামগ্রী দিতে পেরেছি।
বাজারে বর্তমানে এক লিটার সয়াবিন তেলের দাম ১৬০ টাকা। টিসিবির ট্রাকে সে তেল মিলছে ১১০ টাকা লিটার। এতে ২ লিটার তেলে প্রায় ১০০ টাকা সাশ্রয় হয়। ডাল বাজারে মানভেদে ১০০ টাকা কেজি। টিসিবির ট্রাকে ডাল পাওয়া যায় ৬০ টাকা কেজি। চিনি বাজারে ৭৬ টাকা কেজি। টিসিবির ট্রাকে ৫৫ টাকা কেজি। জনপ্রতি টিসিবির ট্রাক থেকে ২ লিটার তেল ২ কেজি ডাল ও ২ কেজি চিনি কিনতে পারেন। এতে অন্তত ২০০ থেকে ২৫০ টাকা সাশ্রয় হয়।

নিজস্ব প্রতিবেদক 


























