ডেস্ক রিপোর্ট : অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের শিরোপা নির্ধারণী ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল। শীর্ষ দুই দল দুর্বার ও ধূমকেতু একাদশের মুখোমুখি হওয়ার আগে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন সাব্বির রহমান।
পুরো টুর্নামেন্টের শুরুতে স্কোয়াডে নাম না থাকা সাব্বিরকে ফাইনালের আগে অন্তর্ভুক্ত করেছে দুর্বার একাদশ। মূলত দুর্বারের ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়ের ইনজুরির কারণে তাকে স্কোয়াডে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল।
বিসিবি জাতীয় দল ও বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের নিয়ে তিন দলের একটি টুর্নামেন্ট আয়োজন করেছে। বিশ্বকাপ স্কোয়াডের কাঠামো অনুসরণ করেই ধূমকেতু দলটি গড়া হয়েছে। দুর্বার দলে রয়েছেন ওয়ানডে ও টেস্ট দলের বেশিরভাগ ক্রিকেটার।
অন্যদিকে দুরন্ত একাদশে ছিলেন কয়েক মৌসুমের বয়সভিত্তিক দলের ক্রিকেটাররা। ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সবচেয়ে তরুণ দল দুরন্ত, যাদের নেতৃত্বে ছিলেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।
সোমবার লিটন দাসের ধূমকেতু এবং নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ শিরোপার লড়াইয়ে মাঠে নামবে। শান্তরের দলে সাব্বির খেলবেন।
সাব্বিরকে সুযোগ দেওয়ার বিষয়ে কোচ বাবুল বলেন, ‘গত ম্যাচে আমাদের ব্যাটসম্যান জয় (মাহমুদুল হাসান) ইনজুরিতে পড়েছেন। এই কারণে আমরা সাব্বিরকে নিয়েছি। আশা করি সাব্বির দলে প্রভাব ফেলতে পারবে।’
ফাইনাল ম্যাচটি সাব্বিরের জন্য অনেক কিছু প্রমাণ করার সুযোগ। তিন দলে ৩৯ জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন।
সেই তালিকায় শুরুতে ছিলেন না হার্ডহিটার এই ব্যাটার। তার নাম না থাকাটা অনেকের কাছেই বিস্ময়কর ছিল। বিশেষ করে বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে মোটামুটি ভালো ব্যাটিং করেছেন। ৯ ইনিংসে তিনবার নট আউট থেকে ১৩৪ রান, গড় ২২.৩৩ আর স্ট্রাইক রেট ১৩৫.৩৫। টি-টোয়েন্টির ফিনিশার ভূমিকায় এই সংখ্যাগুলো মোটেও কম নয়। তবুও শুরুতে সুযোগ পাননি তিনি।
হঠাৎ পাওয়া সুযোগটা কাজে লাগাতে চান সাব্বির। বাংলানিউজকে তিনি বলেন, ‘এখন বেশি কিছু বলতে চাই না। সুযোগ যেহেতু পেয়েছি, চেষ্টা করবো এটা কাজে লাগানোর। আপাতত এ পর্যন্তই বলছি।’

নিজস্ব প্রতিবেদক 






















