আন্তর্জাতিক ডেস্ক :: দেশজুড়ে বড় ধরনের বিমান মহড়া চালানোর ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পাঁচটি সামরিক বিমান ঘাঁটি এই মহড়ায় যুক্ত হবে।
বুধবার ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহেদি বিষয়টি নিশ্চিত করেছেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার সঙ্গে আলাপকালে হামিদ ওয়াহেদি বলেন, বৃহস্পতিবার এ মহড়া অনুষ্ঠিত হবে। একদিনের এই অনুশীলনে কয়েক ডজন জঙ্গিবিমান, সামরিক পরিবহন বিমান ও গোয়েন্দা বিমানসহ বিভিন্ন ধরনের বিমান ও ড্রোন অংশ নেবে।
জেনারেল ওয়াহেদি জানান, আসন্ন এই মহড়ায় বোয়িং-৭০৭ এবং ৭৪৭ থেকে জ্বালানি সরবরাহ করার অনুশীলন চালানো হবে। এ ছাড়া দেশে তৈরি কারার, কিয়ান, আবাবিল, আরাশ ও কামান নামের ড্রোন মোতায়েন করা হবে। এসব ড্রোনে রকেট, প্রিসিশন-গাইডেড মিসাইল, দীর্ঘ পাল্লার স্মার্ট বোমা ও রাডারে জ্যাম সৃষ্টিকারী যন্ত্রপাতি বসানো রয়েছে।
তিনি বলেন, এরই মধ্যে বিমান ঘাঁটিগুলোতে সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। পাঁচটি ঘাঁটির মধ্যে ইস্ফাহান প্রদেশের শহীদ বাবায়ি ঘাঁটি এবং উত্তর আজারবাইজান প্রদেশের শহীদ ফাকুরি বিমানঘাঁটিও রয়েছে।

নিজস্ব প্রতিবেদক 




























