ডেস্ক রিপোর্ট : শেষ ষোল’র ম্যাচে স্পেনের বিপক্ষের ম্যাচে হেরেছে পর্তুগাল। আর এই ম্যাচের মধ্য দিয়েই বিশ্বকাপ মিশন শেষ করলেন পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো।
স্পেনের মিকেল মেরিনোর শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা।
আল জাজিরা জানিয়েছে, সোমবার মিক্সড জোনে সাংবাদিকদের রোনালদো বলেন, ‘এভাবে বিশ্বকাপ ছাড়তে আমার খারাপ লাগছে।
আমি আমার সর্বস্ব দিয়েছি। আমি আমার সেরাটা দিয়েছি, এবং আমি স্বচ্ছ বিবেক নিয়েই বিদায় নিচ্ছি।
হ্যাঁ, এটা আমার শেষ বিশ্বকাপ ছিল। এখন আমি আত্মবিশ্লেষণ করার এবং পরিবারের সঙ্গে থাকার জন্য সময় পাব।
’
তবে ৪১ বছর বয়সী এই তারকা নিজ দেশ পর্তুগালের হয়ে তার শেষ ম্যাচ খেলেছেন কিনা, তা নিশ্চিত করেননি। তিনি বলেন, তিনি চান না তার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত দলের বিশ্বকাপ অভিযানকে ম্লান করে দিক। তিনি বলেন, ‘আমি উত্তেজনার বশে কোনো সিদ্ধান্ত নিই না।’
পর্তুগালকে ২০১৬ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ও ২০২৫ সালের নেশন্স লীগ রোনালদো জানান, জাতীয় দলের জন্য নিজের অবদানের জন্য তিনি গর্বিত।
তিনি বলেন, ‘আমি পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি। এর আগে পর্তুগাল একটিও শিরোপা জেতেনি। ২০১৬ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জয়, আমার কাছে বিশ্বকাপের মতোই গুরুত্বপূর্ণ।’
পর্তুগালের বিদায়ের সঙ্গে সঙ্গে দলের কোচ হিসেবে রবার্তো মার্তিনেজেরও বিদায় ঘটে। তবে এই স্প্যানিশ কোচের প্রশংসা করেছেন রোনালদো।
মার্তিনেজের প্রসঙ্গে তিনি বলেন, ‘তার সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লেগেছে। তিনি একজন অসাধারণ ম্যানেজার, একজন অসাধারণ মানুষ, এবং পর্তুগালের জন্য তিনি যা করেছেন, তা প্রশংসার যোগ্য। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই এবং তার জন্য শুভকামনা জানাই।’

নিজস্ব প্রতিবেদক 



























