হাসান আল মাহমুদ রাজু : মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রবিরবাজারে অবস্থিত পৃথিমপাশা পরিবার কল্যাণ কেন্দ্রের পাশেই দীর্ঘদিন ধরে জমে উঠেছে ময়লা-আবর্জনার স্তূপ। স্বাস্থ্যকেন্দ্রের গুরুত্বপূর্ণ অংশজুড়ে এভাবে আবর্জনা ফেলা হলেও দেখার যেন কেউ নেই বলে অভিযোগ স্থানীয়দের।
সোমবার (৮ জুন) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, রবিরবাজারের বিভিন্ন স্থান থেকে আনা ময়লা-আবর্জনা স্বাস্থ্যকেন্দ্রের পাশের খালি জায়গায় ফেলা হচ্ছে। প্লাস্টিক, পলিথিন, হোটেলের পচা-বাসি খাবারসহ বিভিন্ন ধরনের বর্জ্য জমে সেখানে বিশাল আবর্জনার স্তূপ তৈরি হয়েছে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে স্বাস্থ্যকেন্দ্রসহ আশপাশের এলাকায়। এতে স্বাস্থ্যসেবা গ্রহণে আসা রোগীদের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।
জানা যায়, উপজেলার দক্ষিণাঞ্চলের ছয়টি ইউনিয়নের প্রাণকেন্দ্র রবিরবাজার। প্রতিদিন এখানে হাজারো ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে। সীমান্তবর্তী এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থান থেকে শত শত রোগী পৃথিমপাশা পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা নিতে আসেন। কিন্তু দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রটির অবকাঠামোগত উন্নয়ন হয়নি বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, স্বাস্থ্যকেন্দ্রের সরকারি জমির সীমানা আজও সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়নি। ফলে বিভিন্ন ব্যক্তি ধীরে ধীরে জায়গা দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া রবিরবাজারে ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো স্থান না থাকায় স্বাস্থ্যকেন্দ্রের পাশের খালি জায়গাটি কার্যত ডাম্পিং স্থানে পরিণত হয়েছে।
স্বাস্থ্যকেন্দ্রের চারপাশে কোনো সীমানা প্রাচীর না থাকায় দিন-রাত অনেকে সেখানে মলমূত্র ত্যাগ করেন বলেও অভিযোগ রয়েছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এলাকাবাসী বলেন, “আমরা বহুবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে স্বাস্থ্যকেন্দ্রের সীমানা নির্ধারণ, বাউন্ডারি ওয়াল নির্মাণ, অবৈধ দখল প্রতিরোধ এবং আবর্জনা অপসারণের দাবি জানিয়েছি। কিন্তু আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।”
স্থানীয়রা আরও জানান, বর্তমান সরকারের কাছে এবং কুলাউড়ার সংসদ সদস্যের নিকট পৃথিমপাশা পরিবার কল্যাণ কেন্দ্রকে ২০ শয্যার হাসপাতালে উন্নীত করার দাবি জানানো হয়েছে। দীর্ঘদিন এমবিবিএস চিকিৎসক না থাকায় স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছিল। পরে এলাকাবাসীর মানববন্ধন ও আন্দোলনের প্রেক্ষিতে সংসদ সদস্যের প্রচেষ্টায় সেখানে দুইজন এমবিবিএস চিকিৎসক নিয়োগ দেওয়া হয়।
তারা বলেন, অতীতে দীর্ঘদিন পানিসংকটসহ নানা সমস্যায় ভুগেছে স্বাস্থ্যকেন্দ্রটি। বর্তমানে আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে রোগী ও সেবাগ্রহীতারা নতুন করে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। তাই দ্রুত এসব সমস্যার সমাধান করে স্বাস্থ্যকেন্দ্রটিকে সুরক্ষিত ও পরিচ্ছন্ন রাখার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে পৃথিমপাশা পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শিরিনা খাতুন বলেন, “স্বাস্থ্যকেন্দ্রের পাশে বাজারের লোকজন ময়লা-আবর্জনা ফেলে। স্বাস্থ্যকেন্দ্রের কোনো কর্মকর্তা বা কর্মচারী এখানে ময়লা ফেলেন না। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতিকে বিষয়টি জানানো হলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সীমানা প্রাচীর না থাকায় সমস্যাটি আরও প্রকট হয়েছে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।”
এ বিষয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জেরিন আক্তার বলেন, এবিষয় টি আমি দেখছি যাতে দ্রুত এই সমস্যা সমাধান করা যায় আমরা চেষ্টা করবো।

নিজস্ব প্রতিবেদক 
























