ডেস্ক রিপোর্ট : রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে পাঁচজন নিহতের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন এ তথ্য জানিয়েছেন। রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
আব্দুল্লাহ আল মোমেন বলেন, ‘আমাদের টিম এরই মধ্যে অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে। আশা করছি, দ্রুতই আমরা তাদের গ্রেপ্তার করতে পারব।’
গতকাল সোমবার ফ্লাইওভারের গার্ডার পড়ে পাঁচজন নিহতের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা হয়েছে। এতে ক্রেন পরিচালনাকারী চালক, প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ও নিরাপত্তার দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, রয়েছে অজ্ঞাত ব্যক্তিও। গতকাল সোমবার দিনগত মধ্যরাতে উত্তরা পশ্চিম থানায় এই মামলা করা হয়। মামলাটি করেন নিহত ফাহিমা আক্তার ও ঝর্না আক্তারের ভাই আফরান মণ্ডল বাবু।
এর আগে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন তথ্য নিশ্চিত করে বলেন, পাঁচজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় গুরুত্বসহকারে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
সোমবার বিকেলে উত্তরার জসিমউদ্দিন এলাকায় বিআরটি প্রকল্পের একটি গার্ডার ক্রেন দিয়ে তোলার সময় প্রাইভেটকারের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারে থাকা পাঁচজনের মৃত্যু হয়। যার মধ্যে দুজন শিশুও রয়েছে।
জানা গেছে, গাড়িটিতে মোট সাতজন যাত্রী ছিলেন। এর মধ্যে দুই শিশু, দুই নারী ও একজন পুরুষ মারা গেছেন। শুধু বেঁচে আছেন নবদম্পতি—রিয়া আক্তার (১৯) ও রেজাউল করিম হৃদয় (২৬)। তাঁরা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতরা হলেন রুবেল (৫০), ঝর্ণা (২৮), ফাহিমা, জান্নাত (৬) ও জাকারিয়া (২)। তাদের মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 






















