ডেস্ক রিপোর্ট :: নিবন্ধন না থাকার পরও জামায়াতের সমাবেশের অনুমতি পাওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন না থাকা সত্ত্বেও কেন তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হলো সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই বলতে পারবে।
আজ রোববার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ল রিপোর্টাস ফোরাম (এলআরএফ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিচার শুরুর জন্য যথেষ্ট তথ্য-প্রমাণ আছে। কিন্তু বিচার না হওয়া পর্যন্ত আমরা জামায়াতকে নিষিদ্ধ বলতে পারি না।
তিনি বলেন, জামায়াতের বিচারের জন্য আইন সংশোধনের প্রক্রিয়া চলছে, শিগগির তা মন্ত্রিসভায় উঠবে।
সংসদে প্রতিনিধিত্ব আছে এমন রাজনৈতিক দলগুলো নিয়ে নির্বাচনকালীন ছোট সরকার গঠন হবে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের কাছে যে অঙ্গীকার করেছিল, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতি পূরণ করবে।
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আইনমন্ত্রী বলেন, সর্বোচ্চ আদালত অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করায় সংবিধান থেকে কেয়ারটেকার সরকার বাতিল হয়ে যায়।
মার্কিন ভিসানীতি প্রসঙ্গে বলতে গিয়ে আনিসুল হক বলেন, মার্কিন ভিসানীতির কারণে অপমাণিত হয়েছে বাংলাদেশ। সুষ্ঠুভাবে প্রয়োগ করলে আপত্তি নাই। কিন্তু শুধু একটা দলের জন্য ব্যবহার করলে আপত্তি আছে।

নিজস্ব প্রতিবেদক 






















