বিনোদন ডেস্ক :: জীবনের ৪৪ বসন্তে পা দিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। জন্মদিনের এই বিশেষ দিনেই ভক্তদের জন্য চমক নিয়ে হাজির হলেন নির্মাতা এস এস রাজামৌলি।
বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ থেকে প্রকাশ করেছেন প্রিয়াঙ্কার প্রথম লুক।
সিনেমাটিতে ‘মন্দাকিনী’ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা।
পোস্টার প্রকাশের পর থেকেই তা সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নিজের সামাজিকমাধ্যমে পোস্টার শেয়ার করে রাজামৌলি লেখেন, ‘সে লাবণ্য।
সে অগ্নি।’
প্রকাশিত পোস্টারে প্রিয়াঙ্কাকে দেখা গেছে ভিন্ন রূপে।
কালো পোশাকে, এলোমেলো খোঁপায় এক দুর্ধর্ষ যোদ্ধার বেশে হাজির হয়েছেন তিনি। চোখেমুখে ফুটে উঠেছে দৃঢ়তা ও লড়াকু মনোভাব।
‘বারাণসী’ সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। এস এস রাজামৌলির মেগা বাজেটের এই সিনেমাতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।
এর আগে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, সিনেমাটির অ্যাকশন দৃশ্যের জন্য তাকে কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে গল্প সম্পর্কে বিস্তারিত কিছু না বললেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন, দর্শকদের জন্য অপেক্ষা করছে বড় পরিসরের অ্যাকশনধর্মী এক সিনেমা।

নিজস্ব প্রতিবেদক 






















