ডেস্ক রিপোর্ট : আগামী অক্টোবরে বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়া সফরের সূচিতে পরিবর্তন এসেছে। পূর্বনির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ যথারীতি অনুষ্ঠিত হবে।
মূলত আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফি সূচি পরিবর্তনের কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডকে।
আগে টুর্নামেন্টটি ২০২৭ সালের জুন-জুলাইয়ে হওয়ার কথা থাকলেও তা এগিয়ে এনে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আন্তর্জাতিক সূচি পুনর্বিন্যাস করতে বাধ্য হয়েছে সিএ।
নতুন সূচি অনুযায়ী, নিগার সুলতানা জ্যোতির দল ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে ৯, ১১ ও ১৪ অক্টোবর তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। টি-টোয়েন্টি সিরিজ বাদ যাওয়ায় সফরও আগের তুলনায় সংক্ষিপ্ত হয়ে গেছে।
একই কারণে নিউজিল্যান্ড নারী দলের সফরসূচিতেও পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত টি-টোয়েন্টি উইন্ডোতে কিউইদের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে অস্ট্রেলিয়া।

নিজস্ব প্রতিবেদক 
























