ডেস্ক রিপোট:মাহবুবউল আলম হানিফ বলেন ‘নির্বাচন যথাসময়ে হবে। সংবিধান অনুযায়ী হবে। নির্বাচনে যাদের সক্ষমতা আছে তারা অংশ নেবে’
কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, “বিএনপি এই দেশে একটি প্রতিষ্ঠিত সন্ত্রাসী ও দুর্নীতিবাজ দল। যেটা দেশে শুধু নয় বিদেশের আদালতেও বার বার প্রমাণিত হয়েছে। এই সমস্ত প্রতিষ্ঠিত দুর্নীতি এবং সন্ত্রাসী দলের নেতাকর্মীরা কি বললেন, তা নিয়ে দেশের মানুষের কোনো ভাবনা নেই।”শনিবার (৩ জুন) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।হানিফ বলেন, “বর্তমান সরকার পতনের দাবিতে ২০১২ সাল থেকে আন্দোলন শুরু করেছিল খালেদা জিয়া। ২০১২ সাল থেকে দেশের মানুষ শুনে আসছে তাদের এক দফা যে ঈদের পরে আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটানো হবে। এখন পর্যন্ত শেখ হাসিনা রাষ্ট্রের ক্ষমতায় আছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে। বিএনপির আন্দোলন কোথায় গেছে সেটা জনগণ দেখছে। বিএনপির এই সব কথাবার্তা নিয়ে জবাব দেওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে মনে করি না।”
মাহবুবউল আলম হানিফ বলেন, “নির্বাচন যথাসময়ে হবে। সংবিধান অনুযায়ী হবে। নির্বাচনে যাদের সক্ষমতা আছে তারা অংশ নেবে। যারা নির্বাচনে অংশ নেবে না তারা ভবিষ্যতে রাজনৈতিক সংকটে পড়বে।”
বাজেট নিয়ে বিএনপির এক শীর্ষ নেতার মন্তব্যের প্রসঙ্গে হানিফ বলেন, “বিএনপির একজন শীর্ষ নেতা বাজেট পেশ হওয়ার আগে উনি বাজেট নিয়ে বিস্তারিত ব্রিফিং করে গণবিরোধী আখ্যা দিয়েছেন। উনি কি বাজেটটি পড়ে দেখেছেন? সরকারের বিরুদ্ধে অযৌক্তিকভাবে মিথ্যাচার করা যাদের অভ্যাস তারা করে যায়। বিএনপি এখন না বুঝে এ সমস্ত কথা বলছে।”
এ সময় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-৪ (কুমারখালি-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার দেলদার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক 





















