ডেস্ক রিপোর্ট :: নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠের পারফরম্যান্সের প্রতিফলন এবার দেখা গেল আইসিসির র্যাংকিংয়ে। বল হাতে গতির ঝড় তোলা নাহিদ রানা বোলারদের তালিকায় বিশাল উন্নতি করেছেন।
বুধবার দুপুরে আইসিসির প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে নাহিদের পাশাপাশি সুখবর পেয়েছেন তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয় ও রিশাদ হোসেনরা।
মিরপুরে গত সোমবার কিউইদের বিপক্ষে মাত্র ৩২ রানে ৫ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছিলেন নাহিদ রানা।
এই বিধ্বংসী স্পেলের পুরস্কার হিসেবে ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে এক লাফে ৩২ ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে ক্যারিয়ার সেরা ৪৪৭ রেটিং পয়েন্ট নিয়ে ৬৪ নম্বরে অবস্থান করছেন এই ২৩ বছর বয়সী পেসার।
তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনও ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৮ নম্বরে। দীর্ঘ ১৬ মাস পর ওয়ানডেতে ফিরেই র্যাংকিংয়ে নিজের জায়গা করে নিয়েছেন শরিফুল ইসলাম (৩৯তম)।
তবে চোটের কারণে সিরিজের প্রথম দুই ম্যাচ মিস করায় বড় মাশুল দিতে হয়েছে মোস্তাফিজুর রহমানকে; ৭ ধাপ পিছিয়ে তিনি এখন ৫৫ নম্বরে। অন্যদিকে, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও ২ ধাপ পিছিয়ে ৮ নম্বরে নেমে গেছেন।
বোলারদের দিনে ব্যাট হাতেও দ্যুতি ছড়িয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলে ব্যাটারদের র্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ক্যারিয়ার সেরা ৫৩৩ রেটিং পয়েন্ট নিয়ে তার বর্তমান অবস্থান ৪০তম।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে বর্তমানে সবার ওপরে আছেন তাওহিদ হৃদয়। ৫ ধাপ উন্নতি করে তিনি এখন ২৬ নম্বরে। এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৩ নম্বরে।

নিজস্ব প্রতিবেদক 
























