ডেস্ক রিপোর্ট ::প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি সর্বোচ্চ বেসামরিক পদক ‘ভারতরত্ন’ সম্মাননা পাচ্ছেন। শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে অফিসিয়াল অ্যাকাউন্টে এ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, আদভানিকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন দেওয়া হবে। এই সম্মান প্রদানের কথা জানাতে আদভানির সঙ্গে কথাও বলেছি। এই সম্মানে ভূষিত হওয়ার জন্য তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি। নরেন্দ্র মোদী লিখেছেন, ‘তাঁকে (লালকৃষ্ণ আদভানি) ভারতরত্ন পদক প্রদান আমার জন্য খুবই আবেগপূর্ণ মুহূর্ত।’ নরেন্দ্র মোদি আদভানির সঙ্গে দুটি ছবিও ট্যাগ করেছেন পোস্টে। এদিন প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবাণীকে ভারতের অন্যতম শ্রদ্ধেয় রাষ্ট্রনায়ক বলে অভিহিত করেন।
অটলবিহারী বাজপেয়ী সরকারে উপ-প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বও সামলেছেন আদভানি। তিনি ১৯৭০ থেকে ২০১৯ সাল পর্যন্ত সংসদের উভয় কক্ষের সদস্য ছিলেন। অন্যদিকে লালকৃষ্ণ আদভানি ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের সপ্তম উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিজেপির অন্যতম সহ-প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদস্য।
আদভানি সবচেয়ে বেশি সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং লোকসভায় সবচেয়ে বেশি সময় ধরে বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৯ সালের সাধারণ নির্বাচনে তিনি বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন। আর এবার তাঁকে ভারতরত্ন দিয়ে সম্মান জানাবে কেন্দ্রীয় সরকার। আদভানির আগে গত ২৩ জানুয়ারি বিহারের সাবেক মুখ্যমন্ত্রী তথা মহান সমাজতান্ত্রিক নেতা কর্পুরি ঠাকুরকে ভারতরত্ন সম্মানে ভূষিত করার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার।

নিজস্ব প্রতিবেদক 




























