ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে প্রথম টেস্টের আগে বাংলাদেশ দলে স্বস্তি ফেরাচ্ছে লিটন দাসের ফিটনেসের সর্বশেষ অবস্থা।
চোট কাটিয়ে দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকা এই উইকেটরক্ষক ব্যাটারকে অনুশীলনে বেশ স্বচ্ছন্দ দেখা গেছে।
তার মুভমেন্টও আগের তুলনায় ভালো বলে জানিয়েছেন দলের ফিল্ডিং কোচ আশিক মজুমদার।
অস্ট্রেলিয়া সফরের আগে চোটের কারণে লিটনের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
শুরুতে তাকে ডারউইন টেস্টের স্কোয়াডেও রাখা হয়নি। পরে চোট থেকে উন্নতির পর আলাদাভাবে স্কোয়াডে যুক্ত করা হয় তাকে।
ফলে প্রথম টেস্টে তিনি খেলবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়।
তবে দলের অনুশীলনে লিটনের সক্রিয় উপস্থিতি আশাবাদী করছে বাংলাদেশকে।
সতীর্থদের সঙ্গে ফুটবল খেলতে দেখা গেছে তাকে। পাশাপাশি স্লিপ ক্যাচিং অনুশীলনের সময় কিপিংও করেছেন এই ব্যাটার।
লিটনের বর্তমান অবস্থা নিয়ে আশিক মজুমদার বলেন, ‘লিটন স্লিপ ক্যাচ প্র্যাকটিসের সময় কিপিং করছিল। তার মুভমেন্ট অনেক ভালো।’
এদিকে অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রেও বাংলাদেশ অনেকটাই এগিয়ে গেছে বলে মনে করছেন আশিক। ডারউইনে আগেভাগে পৌঁছে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলার ফলে ক্রিকেটাররা পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন।
আশিক বলেন, ‘একটা প্র্যাকটিস ম্যাচ খেলায় অনেক ভালো হয়েছে। প্র্যাকটিস ম্যাচে সবাই ভালো ফিল্ডিং করেছে। ভালো ক্যাচ ধরেছে। কন্ডিশন আমাদের মনের ভেতরে। পৃথিবীর যেকোনো জায়গাতেই যত দ্রুত আমি মানিয়ে নিতে পারব ততই ভালো। আমরা অনেক আগেই এসেছি এখানে। খেলোয়াড়রা মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। অনেকটা হয়ে গেছে। আমি বলব ৯০ শতাংশ হয়ে গেছে।’

নিজস্ব প্রতিবেদক 






















