ডেস্ক রিপোর্ট :: মিছিলে-স্লোগানে মুখর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ। আজ বুধবার (২০ ডিসেম্বর) সকাল থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের চাপ বাড়তে শুরু করে। দুপুর সাড়ে ১২টার দিকেই লোকে লোকারণ্য হয়ে যায় জনসভাস্থল।
শেখ হাসিনার জনসভায় যোগ দিতে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে গাড়ি করে স্লোগান দিতে দিতে বিপুলসংখ্যক নেতা-কর্মী নগরীতে আসছেন। সমাবেশস্থলের চারপাশে বাঁশ দিয়ে শক্ত বেষ্টনী গড়ে তোলা হয়েছে। নেতা-কর্মীদের সমাবেশস্থলে ঢোকার জন্য পৃথক লেন রয়েছে।
সিলেট নগরীর ওয়ার্ডগুলো ছাড়াও জেলার সকল উপজেলা, এমনকি পার্শ্ববর্তী সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা থেকেও নেতা-কর্মীরা জনসভায় অংশ নিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনে কড়া নজরদারিতে রয়েছে সিলেট নগরী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট সূত্র জানায়, গড়ে তোলা হয়েছে ৪ স্তরের নিরাপত্তাব্যবস্থা। বৃদ্ধি করা হয়েছে পুলিশের টহল। সাদা পোশাকে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। জনসভা মঞ্চ ও আশপাশ এলাকায় স্থাপন করা হয়েছে ক্লোজড সার্কিট ক্যামেরা।
জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত আওয়ামী লীগের প্রথম নির্বাচনী জনসভার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে দুপুর ১টায়। বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।
এর আগে প্রথম নির্বাচনী জনসভায় যোগ দিতে বেলা সাড়ে ১১টায় সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি হজরত শাহজালার (রহ.) ও শাহ পরাণের মাজার জিয়ারত করেন।

নিজস্ব প্রতিবেদক 























