আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন, যুদ্ধ থামাতে ইরানের সঙ্গে ওয়াশিংটনের ‘খুবই ইতিবাচক’ আলোচনা চলছে, ঠিক সেই সময়ই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইসরায়েলের বিভিন্ন স্থানে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারতেজ জানিয়েছে, মঙ্গলবার (২৪ মার্চ) তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে অন্তত ছয়জন আহত হয়েছেন। হামলায় শহরের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি এলাকায় আগুন ধরে যায়।
জরুরি সেবা সংস্থার তথ্য অনুযায়ী, একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে এমন একটি স্থানে চারজন আহত হন। মধ্য তেল আবিবের একটি ভবন এবং তার আশপাশের সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পর সেখানে দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়িতে আগুন লেগে যায়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।
অন্যদিকে রশ হেইন এলাকায় একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে সামান্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, এই হামলার আগে একই দিনে তিন দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। দেশটির উত্তরাঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে।
এদিকে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা ইতিবাচক এবং তা যুদ্ধ থামাতে সহায়ক হতে পারে। তবে তেহরান সেই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে এবং একে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক বক্তব্য আর মাটির বাস্তবতার মধ্যে এখন স্পষ্ট বৈপরীত্য দেখা যাচ্ছে। একদিকে আলোচনা, অন্যদিকে পাল্টাপাল্টি হামলা; সব মিলিয়ে অঞ্চলজুড়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 


























