বিনোদন ডেস্ক : ভারতের টলিউডের ব্যস্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। মঙ্গলবার সন্ধ্যায় বন্ধু চৈতি ঘোষালের সঙ্গে পরবর্তী সিনেমার পোস্টার প্রকাশ্যে নিয়ে এলেন তিনি।
প্রথমবার পরিচালকের আসনে চৈতি।
দুই বছর আগেই শোনা গিয়েছিল, ‘পরিচালক’ চৈতির প্রথম সিনেমায় বিশেষ ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা।
এদিন সেই সিনেমারই প্রথম পোস্টার উন্মোচিত হল। সিনেমার নাম ‘নেভার মাইন্ড’।
নামেই ইঙ্গিত, নিষিদ্ধ গল্প ছুঁয়ে এক সামাজিক বার্তা দিতে চলেছে।
ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে চৈতিপুত্র অমর্ত্য রায়ও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।
তবে ‘নেভার মাইন্ড’-ই অমর্ত্যর প্রথম সিনেমা নয়। বড়পর্দায় এর আগেও কাজ করেছেন তিনি। কিন্তু এবার মা চৈতি ঘোষালের পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অমর্ত্য। আর মা-ছেলের এই সিনেসফরের দোসর হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ‘নেভার মাইন্ড’-এর পোস্টার প্রকাশ্যে নিয়ে এলেন তারা। এ নিয়ে ঋতুপর্ণার মন্তব্য, কিছু রাত আসে নিঃশব্দে, আর বদলে দিয়ে যায় সবকিছু, তেমনই এক রাতের গল্প নিয়ে আসছে ‘নেভার মাইন্ড’।
সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক নারীকে ঘিরে। যে তার অতীতের এক বিষয় খুঁজতে খুঁজতে হাজির হয় শহরের এক বারে। আর সেখানেই তার দেখা হয় একজন অল্পবয়সি সঙ্গীতশিল্পীর সঙ্গে। যে বারে গান গায়। এই সিনেমায় কলকাতার এমন কিছু মানুষদের গল্প তুলে ধরা হবে, যাদের পেশা ভিন্ন, জীবনের মূল্যবোধ এমনকী দর্শনও ভিন্ন। তাদের নিয়েই অভিনেত্রী তথা পরিচালক চৈতি বলবেন ‘নেভার মাইন্ড’-এর গল্প।
সিনেমাতে মানবিক বার্তাও থাকছে। এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন সম্রাট ও মিতালি ঘোষাল রুদ্র। সিনেমার চিত্রগ্রহণ করেছেন গোপী ভগৎ, আবহসঙ্গীত ও গানের দায়িত্বে রূপম ইসলাম।

নিজস্ব প্রতিবেদক 






















