ডেস্ক রিপোর্ট : ইংলিশ কাউন্টি ক্রিকেটের আঙিনায় নিজের বোলিং নৈপুণ্য দিয়ে শুরু থেকেই আলো ছড়াচ্ছেন বাংলাদেশি ফাস্ট বোলার হাসান মাহমুদ। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্লাবে কেন্টের প্রতিনিধিত্ব করছেন তিনি।
কেন্টের বোলিং আক্রমণে তার অন্তর্ভুক্তিতে দলের ধার ও শক্তিমত্তা বহুগুণ বৃদ্ধি পেয়েছে, যা নিয়ে দলের সতীর্থদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। বিশেষ করে হাসানের নিখুঁত লাইন-লেংথ, গতি এবং স্টাম্পে আঘাত করার দারুণ দক্ষতার প্রশংসা করেছেন কেন্টের ইংলিশ পেসার ম্যাট মিলনেস।
হাসান মাহমুদের বোলিংয়ের প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে সতীর্থ ম্যাট মিলনেস খোলাখুলিভাবেই তার মুগ্ধতা প্রকাশ করেন।
হাসানের বোলিং বৈচিত্র্য ও প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করার প্রশংসা করে তিনি বলেন, ‘হাসান অবশ্যই আমাদের বোলিং আক্রমণে বিশেষ কিছু যোগ করে।
তাকে দলে ফেরত পাওয়াটা আমাদের জন্য দারুণ এক বোনাস। আমার মনে হয়, সে আমার চেয়েও জোরের ওপর সোজা উইকেটে আঘাত করতে পারে।
তবে হ্যাঁ, আমি যেমনটা বললাম, সে দলে আলাদা একটি এক্স-ফ্যাক্টর নিয়ে আসে।’
চলতি মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপের পাশাপাশি ভাইটালিটি ব্লাস্টেও কেন্টের হয়ে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন হাসান। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ক্যারিয়ার সেরা ৬৯ রানে ৬ উইকেট নেওয়ার পাশাপাশি ওরচেস্টারশায়ারের বিপক্ষেও ৬৮ রানে ৪ উইকেট নিয়ে কেন্টকে গুরুত্বপূর্ণ লিড এনে দেন এই তারকা পেসার।

নিজস্ব প্রতিবেদক 






















