স্টাফ রিপোটার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনীতদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দলীয় সূত্রে জানা যায়, জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে সংরক্ষিত নারী আসনের জন্য মোট ৩৬ জনকে মনোনয়ন দিয়েছেন।
মনোনীতদের মধ্যে বড়লেখা-জুড়ীসহ মৌলভীবাজার জেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। তিনি মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কন্যা। নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে প্রথমবারের মতো সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন তিনি।
সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বড়লেখা, জুড়ীসহ মৌলভীবাজার জেলার মানুষের প্রিয় নেতা তার পিতার মতো সবার সহযোগিতায় এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান।
এদিকে, ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর মনোনয়ন লাভের খবরে বড়লেখা ও জুড়ী উপজেলার বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বইছে। বড়লেখা উপজেলার ইতিহাসে এই প্রথম সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থী মনোনয়ন পাওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে বিশেষ তাৎপর্য বহন করছে।
উল্লেখ্য, সিলেট বিভাগ থেকে বিএনপির অপর মনোনীত প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারও সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন পেয়েছেন।
8:07 am, Sunday, 31 May 2026
News Title :
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বড়লেখার জহরত আদিব
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:27:19 pm, Monday, 20 April 2026
- 125 Time View
Tag :
Popular Post
























