স্টাফ রিপোর্টার : সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন স্লোগানে আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এক বর্ণাঢ্য র্যালী আয়োজন করা হয়। উক্ত র্যালীটি জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর নেতৃত্বে পরিচালিত হয়।
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস, ২০২৩ উপলক্ষে মৌলভীবাজার জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সকাল ১১;০০ ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। সভায় সভাপতিত্ব করেন প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জাকারিয়া, পুলিশ সুপার, মৌলভীবাজার ও ডা.চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, সিভিল সার্জন, মৌলভীবাজার এবং পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মাঈদুল ইসলাম। উক্ত আলোচনা সভায় মৌলভীবাজার জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্মার্ট বাংলাদেশের সকল কর্মকর্তা-কর্ম চারীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শব্দ দূষণের বিভিন্ন উৎস, কারণ, মানব স্বাস্থ্যের জন্য এর ক্ষতিকর প্রভাব, শব্দ দূষণ কমানোর ক্ষেত্রে নিজ নিজ অবস্থানে থেকে অবদান রাখার বিষয়ে সকলকে সচেতনতামূলক বক্তব্য প্রদান, আলোচনা এবং ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো; মাঈদুল ইসলাম উদ্যোগে ও জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহযোগিতায় দুপুর ৩:০০ ঘটিকায় মৌলভীবাজার সদর উপজেলার শ্রীমঙ্গল রোডস্থ রহমান সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। শব্দদূষণবিরোধী উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ৮টি মামলা দায়েরসহ ৮,০০০/- টাকা জরিমানা আদায় ও ১৩ টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়। মোবাইল কোর্টে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন শাওন মজুমদার সুমন এবং সৈয়দ সাফকাত আলী। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মো: রিয়াজুল ইসলাম। এসময় রাস্তায় চলাচলরত যানবাহনে ড্রাইভার ও জনগণের মধ্যে শব্দদূষণের কুফল সংক্রান্ত লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক 























