বিনোদন ডেস্ক :: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি নিজের একটি বিকৃত ভিডিওর তীব্র প্রতিবাদ জানানোয় সহশিল্পী জুনিয়র এনটিআরের প্রতি কৃতজ্ঞতা জানালেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।
২০২৪ সালে মুক্তি পাওয়া তেলুগু চলচ্চিত্র ‘দেবারা পার্ট ওয়ান’ এর জনপ্রিয় গান ‘চুট্টামাল্লে’তে জাহ্নবী কাপুর ও জুনিয়র এনটিআর একসঙ্গে অভিনয় করেছিলেন।
সম্প্রতি ওই গানের দৃশ্য ব্যবহার করে এআইয়ের মাধ্যমে জাহ্নবীর চেহারা ও উপস্থিতি বিকৃত করে একটি আপত্তিকর ভিডিও তৈরি করা হয়। ভিডিওটিতে তাকে এমন কিছু যৌন আবেদনময় ও অবমাননাকর পরিস্থিতিতে দেখানো হয়েছে, যা মূল গানের অংশ ছিল না।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়।
ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ এক বিবৃতিতে জাহ্নবী বলেন, প্রযুক্তির অপরাধমূলক অপব্যবহারের মাধ্যমে নারীদের বস্তু হিসেবে উপস্থাপন করা এবং তাদের সম্মতি ছাড়া কাল্পনিক ও বিকৃত দৃশ্য ছড়িয়ে দেওয়া অত্যন্ত মর্যাদাহানিকর।
এটি যৌন নিপীড়নের কাছাকাছি একটি ঘটনা।
তার মতে, চলচ্চিত্রশিল্পের প্রায় প্রতিটি নারীই কোনো না কোনোভাবে এ ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন।
শুধু বিনোদনজগৎ নয়, সমাজের সর্বত্র নারীরা ক্রমবর্ধমান হারে এ ধরনের হয়রানির মুখোমুখি হচ্ছেন।
জাহ্নবী বলেন, নারীর শরীরের ওপর তার নিজের অধিকার, সম্মতি এবং পছন্দের প্রতি শ্রদ্ধা দেখানো মানবিকতার সবচেয়ে মৌলিক বিষয়গুলোর একটি। অথচ এসব বিষয়কে এখনো অনেকের কাছে জটিল বলে মনে হয়। একজন নারী টানা পাঁচ দিন কোনো বিষয়ে সম্মতি দেওয়ার পর ষষ্ঠ দিনে অসম্মতি জানালে তার সেই সিদ্ধান্তকেও সম্মান করতে হবে। একইভাবে কোনো নারী ছোট পোশাক পরেছেন বলেই তার শরীরের গোপন দৃশ্য ধারণ করা কিংবা তাকে অসম্মানজনকভাবে উপস্থাপনের অধিকার কারও জন্মায় না।
তিনি আরও বলেন, একজন নারী কোন বিষয়ে স্বাচ্ছন্দ্যবোধ করবেন, কোথায় নিজের সীমারেখা নির্ধারণ করবেন এবং নিজের শরীর নিয়ে কী সিদ্ধান্ত নেবেন, তা একান্তই তার ব্যক্তিগত বিষয়। এসব অধিকার নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।
জাহ্নবী বলেন, শুধু নারীদের নিজেদের সুরক্ষিত থাকার পরামর্শ দেওয়া কিংবা অভিভাবকদের মেয়েদের নিরাপদ রাখার কথা বললেই সমস্যার সমাধান হবে না। বরং যে মানসিকতা থেকে অন্যের ব্যক্তিগত সীমারেখা অতিক্রম করার অধিকার জন্ম নেয়, সেই মানসিকতার পরিবর্তন জরুরি।
সহশিল্পী জুনিয়র এনটিআরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জাহ্নবী বলেন, জুনিয়র এনটিআর যেভাবে দৃঢ় অবস্থান নিয়ে এই ঘটনার নিন্দা জানিয়েছেন, তাতে তিনি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন। লাখ লাখ মানুষ যাকে অনুসরণ করেন, সেই ব্যক্তি নিজের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয় এমন একটি বিষয়েও প্রতিবাদ জানালে একই ধরনের হয়রানির শিকার নারীরা সাহস পান।
এ ছাড়া অভিনেতা চিরঞ্জীবী, বিজয় দেবেরাকোন্ডা এবং অভিনেত্রী খুশবু সুন্দরকেও ধন্যবাদ জানিয়েছেন জাহ্নবী। তাদের প্রতিবাদ এবং এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানকে স্বাগত জানান তিনি। জাহ্নবীর আশা, সাম্প্রতিক ঘটনাগুলো হয়রানিতে জড়িত ব্যক্তিদের নিজেদের আচরণ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। একজন নারীকে মানুষ হিসেবে সম্মান দেওয়ার দাবি কি এতটাই কঠিন, সেই প্রশ্নও তোলেন তিনি।
এর আগে বিকৃত ভিডিওটির তীব্র নিন্দা জানিয়েছিলেন জুনিয়র এনটিআর। একইসঙ্গে ভিডিওটি তৈরি ও ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই অভিনেতা। জুনিয়র এনটিআর বলেন, আজ অন্য কেউ এ ধরনের ঘটনার শিকার হয়েছেন, কাল এমন ঘটনা যে কারও মা, বোন, স্ত্রী কিংবা মেয়ের সঙ্গে ঘটতে পারে। এআইয়ের অপব্যবহার রোধে কঠোর আইন ও বিধিনিষেধ প্রণয়নের জন্য ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলোর প্রতিও আহ্বান জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক 



























