স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পাঁচপীর জালাই এলাকায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় এক তরুণীর মরদেহ ১০ নভেম্বর সকালে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। নিহত তরুণী মামুনি খাড়িয়া (১৯) ওই এলাকার রবি খাড়িয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী কুলাউড়া থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের অবস্থা দেখে স্থানীয়দের মধ্যে মৃত্যুর ঘটনাটি নিয়ে রহস্য ও সন্দেহের সৃষ্টি হয়েছে। তাঁদের ধারণা, তরুণীকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার উদ্দেশ্যে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়ে থাকতে পারে। তবে এটি স্থানীয়দের ধারণা মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, তরুণীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক 





















