কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের জন্য ওএমএস এর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার পৌর শহরে ওএমএস কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ. দা.) জাহাঙ্গীর আরিফ খানসহ খাদ্য অফিসের কর্মকর্তা ও ডিলারবৃন্দ প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ. দা.) জাহাঙ্গীর আরিফ খান জানান, খাদ্য অধিদপ্তরের পরিচালনায় শুধুমাত্র কুলাউড়া পৌরসভায় ওএমএস এর কার্যক্রম বৃহস্পতিবার থেকে শুরু করা হয়েছে।
পৌরসভার উপজেলা রোডের বারী ট্রেডার্স, থানা রোডের ফাইজা স্টোর, উছলাপাড়ার আশরাফ ট্রেডার্স ও উত্তর কুলাউড়ার বেলাল ট্রেডার্সসহ ৪ ডিলারের মাধ্যমে ওএমএস এর কার্যক্রমের উদ্বোধন করে খোলা বাজারে চাল বিক্রয় করা শুরু করা হয়েছে। যে কেউ এসব দোকান থেকে জনপ্রতি প্রতি কেজি চাল ৩০/-টাকা মুল্যে ৫ কেজি করে ক্রয় করতে পারবে।
শুক্রবার ছাড়া সপ্তাহে ৬ দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ওএমএস এর চাল বিক্রয় করা হবে।
ওএমএস এর কার্যক্রম আগামী নভেম্বর মাস পর্যন্ত চালু থাকবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, ওএমএস এর পাশাপাশি পৌরসভা ছাড়াও উপজেলার ১৩ ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচি চালু করা হয়েছে। এ কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নের ২৪ জন ডিলারের মাধ্যমে প্রতি মাসে জনপ্রতি ১৫/-টাকা করে ৩০ কেজি করে চাল ক্রয় করতে পারবে।

নিজস্ব প্রতিবেদক 






















