ডেস্ক রিপোর্ট:বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ বিভাগ বরাবরই ভালো করলেও আরও ভালো করতে হবে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং আধুনিক ব্যবস্থাপনার বিষয়ে আপস করা যাবে না। চ্যালেঞ্জ থাকবেই, সেগুলো মোকাবিলা করেই সামনে এগোতে হবে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) প্রদত্ত লক্ষ্যগুলো কাঙ্ক্ষিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।
আজ রোববার (২৫ জুন) বিদ্যুৎ ভবনে দপ্তরগুলোর সঙ্গে বিদ্যুৎ বিভাগের ২০২৩-২৪ অর্থবছরের জন্য এপিএ সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পেশাদারিত্বের সঙ্গে দেশপ্রেম সংযোগ করে দপ্তরগুলোর আধুনিকায়নের কাজ করতে হবে। টিম ওয়ার্ক বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখতে হবে। টিমের সদস্যদের মাঝে স্মার্টনেস, দক্ষতা ও পেশাদারিত্বের মনোভাব সৃজন করতে হবে।
২০২১-২২ অর্থ বছরে বিদ্যুৎ বিভাগে এপিএ বাস্তবায়নে দ্বিতীয় স্থান অধিকার করেছিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান। অন্যান্যদের মাঝে ইপিআরসির চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেন, স্রেডার চেয়ারম্যান মুনীরা সুলতানা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রধানরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক 



























