স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বিভিন্ন ইট ভাটায় পরিবেশের ছাড়পত্র ছাড়াই চলছে কার্যক্রম, যা আশপাশের পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। চুল্লি থেকে নির্গত হচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া, যা পরিবেশের পাশাপাশি স্থানীয় জনগণের স্বাস্থ্যেও বিপদ সৃষ্টি করছে।
এ নিয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, কালো ধোঁয়ার কারণে তাদের জীবনে নানা রকম সমস্যা সৃষ্টি হচ্ছে। এর ফলে শ্বাসকষ্ট, চর্মরোগসহ অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বেড়ে গেছে। এই পরিস্থিতি ইতিমধ্যে আশপাশের এলাকাগুলোকে বিপদের মুখে ফেলেছে।
এর আগে, পরিবেশের ছাড়পত্র না থাকার কারণে ৩টি ইট ভাটাকে গুড়িয়ে দেয় প্রশাসন। তবে, এখনও কার্যক্রম বন্ধ হয়নি। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিন জানিয়েছেন, “পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইট ভাটা চলতে দেওয়া হবে না। শিগগিরই এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাঈদুল ইসলাম মুঠোফোনে জানান, “ইতিমধ্যে জেলা প্রশাসকের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং শিগগিরই এসব ইট ভাটার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এখন প্রশ্ন উঠছে, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে কার্যকর পদক্ষেপ নিবে, যা জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করবে এবং পরিবেশের উন্নতি সাধন করবে।

নিজস্ব প্রতিবেদক 


























