নিজস্ব প্রতিবেদক: ছাত্রদল নেতা মোঃ দেলোয়ার হোসেন জালালীর বাড়িতে হামলা চালিয়েছে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি তুষার ও সাধারণ সম্পাদক আব্দুর রৌফ সঙ্গীয় ছাত্রলীগের অজ্ঞাতনামা ১০/১২ জনের দুর্বৃত্তরা।
শনিবার (৬ জানুয়ারী) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে মৌলভীবাজার শহরতলীর বর্ষিজোড়া গ্রামের ব্যবসায়ী মরহুম আব্দুল ওয়াহিদ এর বাড়িতে। রাজনৈতিক দ্ব›েদ্বর কারণে এ হামলার ঘটনা ঘটে।
মরহুম আব্দুল ওয়াহিদের ছেলে ছাত্রদল নেতা দেলোয়ারকে না পেয়ে তার মা ও স্ত্রীর উপর শারীরিক নির্যাতন এবং বাড়ি-ঘর ভাংচুর করে।
এ সময় স্থানীয় মানুষ এগিয়ে এলে, সন্ত্রাসী কায়দায় তাদের উপরও হামলা চালায়। তাদের তান্ডবে মানুষ আতঙ্কে দিগি¦দিক ছুটতে থাকে।
গ্রামের জামাল উদ্দিন বলেন, আমরাও রাজনীতি করেছি, কিন্তু কোন দিন আমাদের গ্রামে এভাবে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি।
সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পায়নি, দেলোয়ারের মা এবং স্ত্রী। তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করেছে। এটা বর্ষিজোড়া গ্রামের নজির বিহীন ঘটনা।
এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ দায়ের করতে চাইলে, পুলিশ মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ রয়েছে।
মোঃ দেলোয়ার হোসেন জালালীর স্ত্রী সাবিনা আক্তার সেবিন বলেন, আমার স্বামী বিএনপির ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত। মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক। আমার স্বামীকে না পেয়ে আমার শাশুড়ী মা এবং আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা।
দেলোয়ারের মা মোছাঃ রেহানা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ছেলের অপরাধ সে বিএনপি করে। তাকে হত্যা করার জন্য সন্ত্রাসীরা আমার বাড়িতে আসে। তাকে না পেয়ে, আমার বাড়িঘর ভাংচুর করে। শুধু বাড়িতে ভাংচুর করেই ক্লান্ত হয়নি তারা, আমাকে এবং আমার ছেলে বৌ সেবিনের উপর অমানষিক শারীরিক নির্যাতন চালিয়েছে।
তিনি আরোও বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে বলেছে, আমার ছেলে নাকি, ছাত্রলীগের সুনাম ক্ষুন্ন করে জাতীয় নির্বাচন সংক্রান্ত এক আলোচনা সভায় বক্তব্য প্রদান করেছে, যার জন্য আমার ছেলেকে উপযুক্ত শাস্তি দিতে তারা দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে। ৭ জানুয়ারী জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে বানচাল করার চেষ্টা করে যাচ্ছে আমার ছেলে!। অনেক দিন ধরে আমার ছেলে পালিয়ে বেড়াচ্ছে।
সন্ত্রাসীরা আমাদেরকে হুমকি দিয়ে গেছে, যদি বিষয়টি পুলিশকে জানানো হয়, তাহলে দেলোয়ারের স্ত্রী সেবিনকে তারা তুলে নিয়ে যাবে। আমরা আতংকের মধ্যে আছি। পুলিশও মামলা নিচ্ছে না। কখন কি হয়, আল্লাহ জানেন। সন্ত্রাসীরা আমাদের বাড়ির আশপাশে ঘুরঘুর করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক, এক প্রতিবেশী বলেন, ছাত্রলীগ এখন সন্ত্রাসী লীগ হয়ে গেছে। যেভাবে দেলোয়ারের বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে, তা নজীরবিহীন ঘটনা। ছাত্রলীগের সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পায়নি দেলোয়ারের বৃদ্ধ মা এবং তার স্ত্রী। আমরা কোথায় বসবাস করছি। আজ দেলোয়ারের বাড়িতে হয়েছে, কাল অন্যজনের বাড়িতে হবে। আইনের শাসন নেই বলেই, এমন ঘটনা ঘটছে।
চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আখতার উদ্দিন বলেন, এলাকার লোকজনের কাছ থেকে শুনেছি, তাছাড়া দেলোয়ার আমাকে অবগত করেছে, আমি তাকে বলেছি, থানায় অভিযোগ দেয়ার জন্য।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ বলেন, এ ব্যাপারে আমার কিছু জানা নেই।

নিজস্ব প্রতিবেদক 



























