ডেস্ক রিপোর্ট : মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৬০ জন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে রাজধানী আম্মানে একটি বেসরকারি বৃদ্ধাশ্রমের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ড ঘটে।
দেশটির সরকারি পেট্রা নিউজ এজেন্সির বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জর্ডানের সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ওয়াফা বানি মুস্তাফা বলেছেন, ওই বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন পাঁচজন এবং আহত আরও ৫৫ জনের আঘাত তেমন গুরুতর নয়। তিনি বলেন, হোয়াইট বেডস সোসাইটির (আল-আসিরা আল-বায়দা) কেন্দ্রের ৮০ বর্গমিটার (৮৬৯ বর্গফুট) এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে বলে জানানো হয়। সে সময় ওই বৃদ্ধাশ্রমে ১১১ জন বাসিন্দা ছিলেন। তিনি আরও বলেন, যাদের সেখান থেকে উদ্ধার করা হয়েছে তারা সবাই নিরাপদ রয়েছেন। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক 


























