বিনোদন ডেস্ক :: ‘দিল চাহতা হ্যায়’ সিনেমার ২০ বছর পূর্তিতে ২০২১ সালে ‘জি লে জারা’ সিনেমার ঘোষণা করেছিলেন ফারহান আখতার। ‘জিন্দেগি না মিলেগি দুবারা’র মতো বলিউডের তিন নায়িকাকে নিয়ে রোড ট্রিপের সিনেমা তৈরি করতে চেয়েছিলেন পরিচালক-প্রযোজক।
আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে চিত্রনাট্যের প্রথম খসড়াও প্রস্তুত করে রেখেছিলেন তিনি। কিন্তু তিন নায়িকার দিনক্ষণ পাওয়া নিয়ে এতটাই সমস্যায় পড়তে হয় যে, একাধিকবার শুটিং শিডিউল বাতিল করতে হয় নির্মাতাদের।
পাঁচ বছর ধরে এই একটি সিনেমা নিয়ে জল্পনা চলছে। কিন্তু শেষ পর্যন্ত ভবিষ্যৎ কী, তা এখনও স্পষ্ট নয়।
আদৌ কি সেই সিনেমা দিনের আলো দেখবে? নাকি বদলে যাচ্ছে তিন নায়িকাই? মুখ খুললেন ফরহান।
‘জি লে জারা’ নিয়ে কোনও রাখঢাক করেননি।
কোনও গোপনীয়তাও বজায় রাখতে চাননি বলে দাবি ফরহানের। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ঠিক সময়ে এই সিনেমা সংক্রান্ত খবর তিনি প্রকাশ্যে আনবেন।
ক্যাটরিনা, প্রিয়াঙ্কা ও আলিয়া নন? অন্য কেউ অভিনয় করবেন এই সিনেমায়? উত্তরে ফরহান বলেন, নানা রকমের গুজব ছড়িয়েছে এই সিনেমা নিয়ে। কিন্তু তৈরি নিয়ে আমি কোনও রকম গোপনীয়তা রাখতেই পছন্দ করি না। যখনই মনে হয়েছে কোনও বিষয়ে আমি প্রস্তুত, আমি সেটা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছি। এই সিনেমার ক্ষেত্রেও আমি সেটাই করব।
ফরহানের সিনেমা ‘ডন ৩’ নিয়েও অনিশ্চয়তা বজায় রয়েছে। অভিনেতা তথা পরিচালকের কথায়, আমি আজকাল ভাবতে চাই, পরিচালক হিসাবে এর পরে আমি ঠিক কী করতে চাই।
‘জি লে জারা’ সিনেমার শুটিং প্রাথমিক ভাবে শুরু হওয়ার কথা ছিল ২০২২ সালে, করোনার প্রকোপ কাটিয়ে ওঠার পর। কিন্তু, তা হয়নি। এখন শোনা যাচ্ছে, এই কাজ আর হবে না। কেন? তিন তারকা একসঙ্গে সময় দিতে পারছেন না বলেই জানা গিয়েছিল।
২০২৫ সালে এক অনুষ্ঠানে এসে ‘জি লে জারা’ নিয়ে চলা সমস্ত গুঞ্জনের উত্তরে ফরহান বলেছিলেন, সিনেমার কাজ বন্ধ হয়ে গেছে বলতে চাই না। যেটা বলতে পারি, তা হল, আপাতত এর কাজ স্থগিত রাখা হয়েছে। সিনেমাটা হবেই।
তিনি আরও বলেছিলেন, চিত্রনাট্যটা ভীষণই লোভনীয়। অনেকটা কাজ এগিয়ে গিয়েছে ইতোমধ্যেই। শুটিংয়ের জায়গা ঠিক করে ফেলেছি, গান রেকর্ড করা হয়ে গেছে। সবাই একত্রিত হয়ে বাকিটা করা এখন সময়ের অপেক্ষা।
তখনই ফরহান নিশ্চিত করেছিলেন, সিনেমাটি হবেই। কিন্তু সত্যি কি বদলে যাচ্ছেন অভিনেত্রীরা? সেই উত্তর সময়ের হাতে আপাতত তোলা রইলো।

নিজস্ব প্রতিবেদক 




















