বিনোদন ডেস্ক :: বলিউড অভিনেত্রী টাবুর নাম, ছবি, কণ্ঠস্বর, অবয়ব ও তার সঙ্গে সম্পর্কিত অন্যান্য স্বতন্ত্র বৈশিষ্ট্য অনুমতি ছাড়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
অভিনেত্রীর করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি জ্যোতি সিং গুগল, মেটা, এক্স ও রেডিটসহ বড় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে টাবুকে নিয়ে অননুমোদিত ও আপত্তিকর কনটেন্ট থাকা বিপুলসংখ্যক ইউআরএল সরিয়ে ফেলতে অথবা সেগুলোতে প্রবেশাধিকার বন্ধ করতে নির্দেশ দিয়েছেন।
আদালত একই সঙ্গে কয়েকটি প্ল্যাটফর্ম ও ডোমেইন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বা কনটেন্টের সঙ্গে যুক্ত বেসিক সাবস্ক্রাইবার তথ্য এবং আইপি লগ প্রকাশের নির্দেশ দিয়েছেন।
আবেদনে টাবু অভিযোগ করেন, অনলাইনে তার পরিচয় অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে।
এর মধ্যে রয়েছে ভুয়া ইভেন্ট বুকিং অ্যাকাউন্ট, অনুমতি ছাড়া তার নামে পণ্য বিক্রি, মনগড়া বক্তব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বা বিকৃত অশ্লীল কনটেন্ট।
আদালত পর্যবেক্ষণে বলেন, টাবুর নাম, ছবি, কণ্ঠস্বর, অবয়ব ও ব্যক্তিত্বের অন্যান্য বৈশিষ্ট্য ইতোমধ্যে স্বতন্ত্র পরিচিতি অর্জন করেছে।
সাধারণ মানুষ এসব বৈশিষ্ট্য দেখলেই তাৎক্ষণিকভাবে সেগুলোকে টাবুর সঙ্গে সম্পৃক্ত করেন।
বিচারপতি সিং বলেন, নিষেধাজ্ঞা জারির জন্য টাবু প্রাথমিকভাবে একটি শক্তিশালী মামলা উপস্থাপন করেছেন এবং সুবিধা-অসুবিধার ভারসাম্যও তার পক্ষেই রয়েছে।
অন্তর্বর্তীকালীন সুরক্ষা দেওয়া না হলে তার অপূরণীয় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলেও আদালত মনে করেন।
আদালত আরও বলেন, বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো বিখ্যাত ব্যক্তির নাম, ছবি বা অন্যান্য স্বতন্ত্র বৈশিষ্ট্য অনুমতি ছাড়া ব্যবহার করা হলে তা স্বত্ব লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। এতে ওই ব্যক্তির স্বতন্ত্র পরিচিতির স্বাতন্ত্র্য ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি তৃতীয় পক্ষ অনৈতিকভাবে বাণিজ্যিক সুবিধা নিতে পারে।
মামলায় টাবুর অভিযোগ ছিল, তার সিনেমা, সাক্ষাৎকার ও জনসমক্ষে উপস্থিতির বিভিন্ন অংশ বিকৃত করে এআইয়ের মাধ্যমে তৈরি অশ্লীল ছবি, ভিডিও ও জিআইএফ অনলাইনে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব অননুমোদিত ব্যবহারের বিরুদ্ধে আইনি সুরক্ষা চেয়েছিলেন অভিনেত্রী।

নিজস্ব প্রতিবেদক 






















