ডেস্ক রিপোর্ট :: ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে মাঠ পর্যায়ের কার্যক্রম জোরদার করতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের তত্ত্বাবধানে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাস্কফোর্সটি বিভিন্ন সংস্থার কার্যক্রম তদারকি, সমন্বয় বৃদ্ধি ও জরুরি পদক্ষেপ বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।
মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধবিষয়ক জাতীয় কমিটি’র প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে হবে না, জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও নিশ্চিত করতে হবে। তিনি সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকরভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
সভায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে- বিভিন্ন দপ্তরের মাধ্যমে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ, স্কুল-কলেজ ও মাদরাসায় বিশেষ প্রচারণা কর্মসূচি পরিচালনা, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা এবং এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে বিশেষ অভিযান পরিচালনা।
এ ছাড়া নির্মাণাধীন ভবন, ছাদবাগান, টায়ারের দোকান, গ্যারেজ ও জলাবদ্ধ এলাকায় নিয়মিত পরিদর্শন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ফগার মেশিন ও মশক নিধন কার্যক্রমের মান নিয়মিত পরীক্ষা এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের তথ্য দ্রুত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা থাকায় এখন থেকেই সমন্বিত প্রস্তুতি গ্রহণ জরুরি। জাতীয় কমিটির গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের পাশাপাশি মাঠ পর্যায়ে কার্যক্রমের গতি বাড়ানো এবং প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ওয়াসা, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই), রাজউকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সম্প্রতি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারি কার্যক্রম আরও সমন্বিত করার লক্ষ্যে জাতীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রথম সভায় নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতি অর্জন করা সম্ভব হবে।

নিজস্ব প্রতিবেদক 





















