ডেস্ক রিপোর্ট : ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আলোচনা এখনো ইতিবাচক আছে। উভয় দেশের সরকারপ্রধানের সুবিধাজনক সময়েই বৈঠক হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
বৈঠক শেষে সাংবাদিকদের দিনেশ ত্রিবেদী বলেন, ভারত সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ এখনো উন্মুক্ত রয়েছে। তবে দুদেশের সরকারপ্রধানের বৈঠক নিয়ে কোনো তাড়াহুড়ো দেখছেন না তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে ঘণ্টাব্যাপী সাক্ষাতে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি বলেও জানান ভারতীয় হাইকমিশনার।
বৈঠকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হাইকমিশনার দিনেশ ত্রিবেদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান।
বৈঠকে দুদেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু এবং সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশন (ইউএনজিএ) নিয়েও মতবিনিময় করেন তারা।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, পারস্পরিক স্বার্থ ও দুদেশের জনগণের কল্যাণে ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভবিষ্যতমুখী ও পারস্পরিক সম্মানভিত্তিকভাবে কাজ করতে বাংলাদেশের অঙ্গীকার রয়েছে।

নিজস্ব প্রতিবেদক 





















