ডেস্ক রিপোর্ট : পর্দার তারকাদের মাঝে এমনটা হরহামেশাই দেখা যায় যে, ব্যক্তিজীবনের প্রেম-ভালোবাসা, বিয়ে-বিচ্ছেদ এবং স্বামী-সন্তানের বিষয়গুলো গোপন রাখা হয়। কেন গোপন রাখেন তা না জানালেও বরং গোপন রাখতেই পছন্দ করেন তারা। তবে এসব বিষয় কয়েক বছর পরই প্রকাশ্যে আসে। যা ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতেও দেখা গেছে অতীতে।
এবার ঘটেছে একটু আশ্চর্যনীয় ঘটনা। দুই-এক বছর কিংবা চার-পাঁচ বছর নয়। ঠিক ১৫ বছর পর গোপনে বিয়ের কথা প্রকাশ্যে এনেছেন। সেই সংসারে কন্যাসন্তানও রয়েছে। আর এমনটা করেছেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা।
শনিবার (১৪ অক্টোবর) মেয়ে ম্যারিনা মেরিশ আনাহিতার দুই বছর পূর্ণ হয়েছে অভিনেত্রী রুবিনার। মেয়ের বিশেষ দিনটি বেশ জাঁকজমকভাবেই আয়োজন করেন তিনি। আয়োজনে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির তারকারাও। সেখানেই মেয়ে ও স্বামীকে পরিচয় করিয়ে দেন রুবিনা।
এ অভিনেত্রী জানান―তার স্বামীর নাম রাহুল রওশন, পেশায় চলচ্চিত্র নির্মাতা। এসএসসি পাস করার পর এখন থেকে ১৫ বছর আগে বিয়ে হয় তাদের। প্রফেশনাল ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন আলাদা রেখেছেন তিনি।
রুবিনা বলেন, আমি সবসময় বলেছি, আমার ব্যক্তিগত জীবনের ব্যাপারে অবশ্যই সাংবাদিক ভাইদের ডেকে জানাব। আজ আমার মেয়ের জন্মদিন, আমাদেরও আনন্দের দিন। এ কারণে এমন আনন্দঘন পরিবেশেই সবাইকে সুখবরটি জানাচ্ছি।
এ নায়িকা বলেন, আমিই মনে হয় দেশের শোবিজ তারকাদের মধ্যে বিয়ের খবর সর্বোচ্চ আড়াল করতে পেরেছি। চাইলেই হয়তো আরও দীর্ঘ সময় আড়ালে রাখতে পারতাম। এ জন্য বলতেই হয়, আমার স্বামী নিঃসন্দেহে একজন ভালো মানুষ এবং তার সাপোর্ট ছিল সবসময়। বিয়ের পর আমাকে ঢাকায় এনে কলেজে ভর্তি করানো, পড়ালেখা থেকে সবই শিখিয়েছেন।
আজ আমার স্বামী ও সন্তানকে আপনাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পেরে আমার নিজের কাছেই আনন্দ লাগছে। আপনারা আমার স্বামী ও মেয়ের জন্য দোয়া করবেন বলেও যোগ করেন রুবিনা।
প্রসঙ্গত, ২০১৩ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় রুবিনার। তারপর ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’সহ কয়েকটি সিনেমায় দেখা যায় তাকে।
এ নায়িকা বর্তমানে আজিম খানের ‘দুই মা’ ও আনোয়ার শিকদার টিটোনের ‘বন্ধু তুই আমার’ সিনেমায় কাজ করছেন। এছাড়া সবশেষ গত সেপ্টেম্বরে ‘লিপস্টিক’ সিনেমায় শুটিংয়ে অংশ নিয়েছেন রুবিনা।

নিজস্ব প্রতিবেদক 



























