ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে শুধু পেসারদের নিয়ে দল গড়েছিল পাকিস্তান। কিন্তু পরিকল্পনা তাদের বিরুদ্ধে গেছে। স্পিনারের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে তারা। তাই তো প্রথম টেস্টের আগে ছেড়ে দেওয়া স্পিনার আবরার আহমেদকে দ্বিতীয় ম্যাচের জন্য দলে ফেরালো তারা। তার সঙ্গে ব্যাটসম্যান কামরান গুলাম ও ফাস্ট বোলার আমের জামালকেও ডাকা হয়েছে। এই দুজনকেও দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আবরার ও কামরান শুরু থেকেই স্কোয়াডে ছিলেন, তবে প্রথম টেস্টের আগে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ম্যাচের জন্য তাদের ছেড়ে দেওয়া হয়। তাদের যুক্ত করা হলেও বর্তমান স্কোয়াডের কাউকে বাদ দেওয়া হয়নি। আমের জামালকে ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়েছিলো। তাকে আবার ফেরানো হয়েছে। তবে তার খেলা নির্ভর করছে ফিটনেসের উপর। এক প্রেস বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ফিটনেসের মানদণ্ড দেখে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে জামালকে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তাছাড়া প্রথম টেস্টের পর স্কোয়াড ছেড়ে ছুটিতে গিয়েছিলেন পেসার শাহিন আফ্রিদি। তিনি মঙ্গলবার সন্ধ্যায় আবার ফিরে এসেছেন। ৩০ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতেই শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজে ১-০ ব্যবধানে বাংলাদেশ এগিয়ে থাকায় পাকিস্তানের এককভাবে সিরিজ জেতার আর কোনো সুযোগ নেই, দ্বিতীয় টেস্ট জিতলে তারা সমতায় ফিরতে পারে। পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল (সহ-অধিনায়ক), আমের জামাল (ফিটনেস সাপেক্ষে), আবরার আহমেদ, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, কামরান গুলাম, খুররম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, সরফরাজ আহমেদ, শাহিন আফ্রিদি।
11:53 pm, Tuesday, 21 April 2026
News Title :
দ্বিতীয় টেস্টের স্কোয়াডে শক্তি বাড়াল পাকিস্তান
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:02:59 am, Thursday, 29 August 2024
- 204 Time View
Tag :
Popular Post





























