বিনোদন ডেস্ক :: হারিয়ে যাওয়া বাঙালির ঐতিহ্যের স্মারক পালকিতে চড়ে সিনেমার মহরতে হাজির হলেন পূজা চেরি। তার পরনে লাল শাড়ি, একেবারে নববধূ সাজে মন ভোলানো উপস্থিতি। অন্যদিকে, তাকে বরণের জন্য দাঁড়িয়ে আছেন দুই জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। মুহূর্তেই যেন পুরো পরিবেশ ভরে উঠল সিনেমার দৃশ্যের মতো এক বাস্তব আবহে।
রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’র মহরত অনুষ্ঠানে এমনই দৃশ্য দেখা গেছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাওয়া সিনেমাটির মহরত বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয়।
এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। এমন ঘোষণার পর থেকেই শোবিজপাড়ায় ছিল তুমুল কৌতূহল, নায়িকা কে হচ্ছেন? গুঞ্জনে একসময় ভেসে আসে মেহজাবীন চৌধুরীর নামও। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল, চঞ্চল-নিশোর সঙ্গী হচ্ছেন পূজা চেরি।
নির্মাতা জানান, বাস্তব জীবনের একটি ঘটনাকে উপজীব্য করে তৈরি হচ্ছে ‘দম’। রোমাঞ্চ, আবেগ আর সামাজিক বাস্তবতার মিশেলে ভিন্ন ঘরানার এক গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হবে।
আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে মুক্তি পাওয়ার লক্ষ্য নিয়ে নির্মাণ হচ্ছে সিনেমাটি। শুধু বাংলাদেশেই নয়, সৌদি আরব, জর্দান ও কাজাখস্তানের মনোরম লোকেশনে হবে শুটিং।

নিজস্ব প্রতিবেদক 
























