ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলার ডায়াবেটিস রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১০০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বক্তারা।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতির আয়োজনে শহরের কাউতলী এলাকা থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমিতির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সমিতির মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট মিন্টু ভৌমিক। কোষাধ্যক্ষ নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ডায়াবেটিস সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবউল্লাহ, সদস্য ও প্রবীণ সাংবাদিক মো. আরজু মিয়া, চিফ মেডিকেল অফিসার ডা. মেহজাবিন মুনমুন, সাধারণ সম্পাদক কাজী কামাল উদ্দিন এবং সহ-সভাপতি মাহমুদ হোসেন সরকার পাশা। স্বাগত বক্তব্য রাখেন, সমিতির যুগ্ম সম্পাদক উমর ফারুক।
সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ জন্য ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি রোগীদের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।
বক্তারা আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ডায়াবেটিস রোগীর সংখ্যা বিবেচনায় উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১০০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠা করা সময়ের দাবি। হাসপাতালটি প্রতিষ্ঠিত হলে জেলার বিপুলসংখ্যক রোগী উপকৃত হবেন।

নিজস্ব প্রতিবেদক 




























