হাসান আল মাহমুদ রাজু : মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যাপক প্রস্তুতি নেওয়ার পরও শেষ পর্যন্ত হচ্ছে না মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প বাণিজ্য মেলা। জেলা প্রশাসনের অনুমতি না পাওয়ায় মেলার কার্যক্রম স্থগিত করা হয়েছে।
জানা যায়, ১৫ ও ১৬ নভেম্বর কুলাউড়া শহরের নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মাসব্যাপী এ বাণিজ্য মেলার উদ্বোধনের কথা ছিল। এ উপলক্ষে মাঠে বিভিন্ন স্টল ও দোকান নির্মাণের জন্য বাঁশ দিয়ে অস্থায়ী কাঠামো তৈরি করা হয়েছিল। তবে ১৪ নভেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মিত এসব কাঠামো খুলে সরিয়ে নেওয়া হচ্ছে। ফলে সব প্রস্তুতি থাকা সত্ত্বেও মেলা আয়োজনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত মেলা আয়োজন করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে মেলা কমিটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আকই বলেন, ‘কুলাউড়া ব্যবসায়ী সমিতির অভিযোগ এবং সামনে শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় হয়তো জেলা প্রশাসক মেলার অনুমতি দেননি। মেলা কমিটি নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে যে তারা মেলা করবে না। এ জন্য আমাদের পক্ষ থেকে জেলা প্রশাসক ও মেলা কমিটিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
এ বিষয়ে কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস বলেন, ‘সরকারি নিয়মনীতি অনুযায়ী সরকারি খেলার মাঠে কোনো ধরনের বাণিজ্য মেলা আয়োজনের সুযোগ নেই। কী বিবেচনায় তারা সেখানে মেলার প্রস্তুতি নিয়েছেন, সে বিষয়ে প্রশাসন অবগত নয়। প্রশাসনের পক্ষ থেকে খেলার মাঠে মেলা করতে দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও দেওয়া হবে না।

নিজস্ব প্রতিবেদক 






















