ডেস্ক রিপোর্ট :: রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দল ও জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল সাজানো হয়েছে।
দলের নেতৃত্বে থাকছেন সাইফ হাসান। ঘোষিত স্কোয়াডের ৯ ক্রিকেটারেরই আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে।
আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে এবারের রাইজিং স্টার্স এশিয়া কাপ। গত বছর প্রথম আসরটি টি-টোয়েন্টি ফরম্যাটে হলেও এবার টুর্নামেন্ট হবে ৫০ ওভারের সংস্করণে।
বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং।
অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত ‘এ’, পাকিস্তান ‘এ’, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।
১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাইফের দল। দোহার ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও ইউনিভার্সিটি অব দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্রিকেট গ্রাউন্ডে হবে ম্যাচগুলো।
দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে। ২৬ ও ২৭ নভেম্বর হবে শেষ চারের লড়াই। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর।
গত আসরে শিরোপার খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছিল বাংলাদেশকে। ফাইনালে পাকিস্তান ‘এ’ দলের কাছে সুপার ওভারে হেরে রানার্সআপ হয় তারা। এবার সেই আক্ষেপ ঘোচানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে সাইফের দল।
বাংলাদেশ ‘এ’ দল: পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান (অধিনায়ক), ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, সামিউন বাসির রাতুল, রাকিবুল হাসান, মো. রুবেল, চৌধুরী মো. রিজওয়ান, ইকবাল হোসেন ইমন, রিপন মণ্ডল ও মোহাম্মদ সাইফউদ্দিন।

নিজস্ব প্রতিবেদক 
























