ডেস্ক রিপোর্ট :: ভারতের বিপক্ষে প্রায় দুই যুগ পর জয়ের উল্লাসে যখন ভাসছে পুরো দেশ, তখনই নীরবে ঢাকা ছাড়লেন বাংলাদেশ দলের নতুন কান্ডারি হামজা চৌধুরী। মঙ্গলবার রাতে ঐতিহাসিক সেই জয়ের পরদিনই, অর্থাৎ বুধবার সকালে ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দিয়েছেন লেস্টার সিটির এই তারকা মিডফিল্ডার।
ফিফা উইন্ডোর নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় ক্লাব লেস্টার সিটির হয়ে খেলতে দ্রুতই ফিরতে হলো হামজাকে। লাল-সবুজের জার্সিতে তাকে আবারও মাঠে দেখতে সমর্থকদের অপেক্ষা করতে হবে প্রায় চার মাস। বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ আগামী ৩১ মার্চ, সিঙ্গাপুরের বিপক্ষে। ততদিন পর্যন্ত জাতীয় দলের বাইরেই থাকবেন তিনি।
হামজা লন্ডনের পথ ধরলেও এখনই দেশ ছাড়ছেন না আরেক প্রবাসী ফুটবলার শমিত সোম। কানাডায় তার ক্লাবের খেলা আপাতত বন্ধ থাকায়, এই অবসরে পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটাতে বুধবার সকালেই তিনি রওনা হয়েছেন সিলেটে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ তুর্কি জায়ান আহমেদ তার বাবার সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।
এদিকে, জাতীয় দলের ক্যাম্প থেকে বিদায় নিয়ে টিম হোটেল ছেড়েছেন স্থানীয় ফুটবলাররাও। আন্তর্জাতিক ডিউটি শেষ হলেও তাদের বিশ্রামের কোনো ফুরসত নেই। আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের ব্যস্ত সূচি, তাই সবাই যোগ দিচ্ছেন যার যার ক্লাবে।

নিজস্ব প্রতিবেদক 






















