একসময় শান্তির শহর হিসেবে পরিচিত মৌলভীবাজার শহরে সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
গত ১২ আগস্ট রাতে কুসুমবাগ এলাকায় এক মাদ্রাসাছাত্রের ওপর ভয়াবহ হামলার ঘটনায় বিষয়টি আবারও সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, ‘বড় ভাই’ বলে সম্বোধন না করাকে কেন্দ্র করে ওই কিশোরের ওপর হামলা চালানো হয় এবং তাকে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
প্রশ্ন হলো—মৌলভীবাজারের সাধারণ মানুষ নিরাপদ থাকবে কীভাবে?
নির্বাচনের আগে মৌলভীবাজারে কিশোর গ্যাং ও অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর কথা বলেছিলেন মৌলভীবাজার-৩ আসনের বর্তমান এমপি এম নাসের রহমান।
এখন জনগণ জানতে চায়—
কিশোর গ্যাং দমনে কী কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে?
অপরাধীদের তালিকা করে অভিযান কতটা জোরদার করা হয়েছে?
শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও পুলিশের টহল বাড়ানো হবে কি?
কিশোরদের হাতে অস্ত্র আসছে কোথা থেকে—তার উৎস খুঁজে বের করা হবে কবে?
আমরা কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চাই না। আমরা চাই আইনের কঠোর, নিরপেক্ষ ও দ্রুত প্রয়োগ। যারা অপরাধ করবে, তাদের পরিচয় বা বয়স যা-ই হোক, তদন্তের মাধ্যমে শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
একটি শহরের মানুষ আতঙ্কে থাকবে—এটা মেনে নেওয়া যায় না।
মৌলভীবাজারকে আবারও শান্তির শহর হিসেবে দেখতে চাই।
প্রশাসনের কার্যকর অভিযান চাই।
জননিরাপত্তার নিশ্চয়তা চাই।
কিশোর গ্যাংমুক্ত মৌলভীবাজার চাই।

এনামুল হক আলম বার্তা সম্পাদক 




























