স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাইক্কা বিল পরিদর্শন শেষে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন হাওরে ধান ও মাছ উৎপাদনে দুই মন্ত্রণালয় সংঘাতের মধ্যে আছে। বিশেষ করে ধান চাষে যে কীটনাশক ব্যবহার করা হয় তা মাছের জন্য ক্ষতিকর। এ ক্ষেত্রে কীট নাশক নিয়ন্ত্রনের পরামর্শ তাঁর।
রবিবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল বাইক্কা বিল এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, হাওরের মাছের প্রজনন বৃদ্ধি করতে হলে ইজারায় স্বচ্ছতা আনতে হবে। সেই সাথে হাওরের পাশে জমি চাষে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকদের সচেতন হতে হবে। তিনি বাইক্কা বিলের অন্যতম জাদুরি বিলটি খননের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান। একই সাথে হাওরের জীববৈচিত্র রাক্ষায় দেশের অনন্যান্য অভয়াশ্রমগুলো খননের ঘোষণা দেন।
পরিদর্শনকালে তিনি পাখি শিকারীদের সতর্ক করেন এবং পাখির মাংস খাওয়াও থেকেও বিরত থাকার অনুরোধ করেন। পরে তিনি হাওরের পাশে হাজীপুরে এক সমাবেশে মিলিত হয়ে মৎস ও কৃষির সাথে জড়িত শতাধিক উপকার ভোগীদের সমস্যা নিয়ে কথা শুনেন এবং পরামর্শ দেন।
এসময় মৎস্য ও প্রানি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. আবু নঈম মোহাম্মদ আব্দুছ ছবুর, মৎস্য অধিশাখার যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসি, উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আলী আকবর, সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসানসহ জেলা প্রশাসন ও মৎস মন্ত্রনালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক 

























