অনলাইন ডেস্ক: আগামী শুক্রবার (২৭ অক্টোবর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘যন্ত্রণা’ সিনেমা।আরিফুল ইসলাম আরিফ পরিচালিত সিনেমাটির মুক্তি উপলক্ষে রবিবার রাজধানীর মগবাজারে একটি রেস্টুরেন্টে জমকালো সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিলো। এদিন ইন্ডাস্ট্রির নতুন ক্রেজ আদর আজাদ ছাড়াও এসেছিলেন ছোটপর্দার জনপ্রিয় মুখ মানসী প্রকৃতি। তবে সাংবাদিকদের এড়িয়ে চলে যাওয়াতে গুঞ্জন উঠেছে সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক এবং সিনেমার মান নিয়ে।
এছাড়াও নবাগতা সায়মা স্মৃতিকেও দেখা গেছে বেশ উচ্ছ্বাস নিয়ে অনুষ্ঠানে হাজির হতে। তবে সায়মা স্মৃতির যতটুকু উচ্ছ্বাস ঠিক তার বিপরীতে এদিন মানসীকে উপস্থিত সাংবাদিকরা দেখেছেন গম্ভীর। এক পর্যায়ে গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলেও যান। আর এ নিয়ে পরবর্তীতে সাংবাদিকরা হতাশ হয়েছেন বলে জানা গেছে। সাংবাদিকদের এড়িয়ে কেন চলে এলেন সোমবার সন্ধ্যায় এমন এক প্রশ্নের জবাবে মানসী বলেন- সত্যি বলতে আমি নতুন। ঠিকমত গুছিয়ে উত্তর দিতে পারবো না, এটা ভেবেই চলে এসেছি। উত্তর দিতে পারবেন না এমনটা কি অনুষ্ঠানে আসার আগেই ভেবেছিলেন না পরে? জবাবে মানসী বলেন, ব্যাপারটা এমন না, অনুষ্ঠানে আসার পর কেউ কেউ এমন আচরণ করছিলো যে প্রশ্নের জবাব দেওয়ার চেয়ে চলে যাওয়াই শ্রেয় মনে করেছি।
তাহলে কেন সাংবাদিকদের আপনি নিজে আমন্ত্রন জানালেন, চলার পথে আমি সকল সাংবাদিক ভাইদের কাছের বলেই মনে করি। সেই সম্পর্কের কারণেই আমন্ত্রণ জানিয়েছিলাম। সিনেমাটি নিয়ে কতটুকু আশাবাদী এমন প্রশ্নের জবাবে মানসী বলেন, পোস্ট প্রডাকশনের কাজ নিয়ে আমি হতাশ! আমি কাজ করে যদি হতাশ হতে পারি তবে দর্শকও হতাশ হবে, এটাই স্বাভাবিক। আমি নির্মাতাকেও বলেছি আমার এই হতাশার কথা। গ্রাফিক্স, এডিটিং যাচ্ছেতাই হয়েছে।সংবাদ সম্মেলনে নবাগতা সায়মা স্মৃতিকে এড়িয়ে গেছেন বলে শোনা গেছে, জবাবে মানসী বলেন- দেখুন সবাই ব্যস্ত ছিলো। তারপরও হাই হ্যালো হয়েছে। এদিকে, সংবাদ সম্মেলন থেকে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগেই আদর আজাদের চলে যাওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে তাকে প্রশ্ন করতেই তিনি দাবি করেন, এটা ঠিক তথ্য নয়, আমি বুঝতে পারিনি সবাই অন্যত্র একসঙ্গে ছিলো। তাছাড়া আমার একটা জরুরি কাজ থাকায় চলে আসতে হয়েছিলো।
আপনার এবং মানসীর এক সঙ্গে চলে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে- এমন প্রশ্নের জবাবে আদর বলেন, এটা কাকতলীয়। আমি জানতাম না ওরাও চলে যাচ্ছে। পরে জেনেছি। কিন্তু সবাই এখন বাজেভাবে ট্রিট করছে, আমি বিব্রত। সিনেমাটি কেমন হয়েছে জানতে চাইলে তিনি পরিচালককে জিজ্ঞাসা করার অনুরোধ করেন। বলেন, কোনটা বলবো, তারচেয়ে বরং পরিচালককেই জিজ্ঞাসা করুন। স্মার্ট মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে ‘যন্ত্রণা’। বিভিন্ন চরিত্রে আরও আছেন শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক 




























