ডেস্ক রিপোর্ট : ইউরো নারী ফুটবলে রুদ্ধশ্বাস এক নাটকীয়তায় ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে সমতায় ফিরে অতিরিক্ত সময়ে এসে জয় নিশ্চিত করে সিংহীদের দল।
মঙ্গলবার (বাংলাদেশ সময় গতকাল রাত) জেনেভার স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে ইতালিকে ২-১ গোলে হারিয়েছে ইংলিশরা। ম্যাচের ৩৩ মিনিটে ইতালির বারবারা বোনানসা গোল করে এগিয়ে দেন দলকে। এরপর দীর্ঘ সময় ধরে বলের দখল, গতি ও আক্রমণে ইতালিই এগিয়ে ছিল।
খেলার মূল ৯০ মিনিট শেষ হলেও নির্ধারিত সময়ের যোগ করা ৬ষ্ঠ মিনিটে বদলি খেলোয়াড় মিশেল আগিয়েমাং গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ও এগিয়ে যাচ্ছিল টাইব্রেকারের দিকে। কিন্তু ১১৯তম মিনিটে আরেক বদলি খেলোয়াড় ক্লোয়ি কেলির গোল ইংল্যান্ডকে জয় এনে দেয় এবং নিশ্চিত করে টানা তৃতীয় ফাইনাল।
এর আগে ২০২২ ইউরোতে তারা চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানিকে হারিয়ে। আর ২০২৩ বিশ্বকাপে ফাইনাল খেললেও শিরোপা ধরা দেয়নি। এবারের আসরেও কোয়ার্টার ফাইনালে সুইডেনের বিপক্ষে ২৫ মিনিটে ০-২ গোলে পিছিয়ে পড়ে টাইব্রেকারে গিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড।
জয়ের পর ইংলিশ কোচ সারিনা ভাইগমান আবেগাপ্লুত প্রতিক্রিয়ায় বলেন, “আমরা কোনো একদিন এই ঘটনাগুলো নিয়ে সিনেমা বানাবো। সত্যি বলতে, এটা যেন সিনেমার চেয়েও বেশি কিছু ছিল।”

নিজস্ব প্রতিবেদক 


























